দাদাব শরণার্থী শিবির বন্ধ করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাদাব শরণার্থী শিবির বন্ধ করে দিয়ে সেখানকার পাঁচ লাখের বেশি সোমালীয় নাগরিককে তিন মাসের মধ্যে সরিয়ে নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে কেনিয়া। দেশটির ডেপুটি প্রেসিডেন্ট উইলিয়াম রুটো গত শনিবার ওই আহ্বান জানান। খবর বিবিসির।
সোমালিয়া সীমান্তের কাছাকাছি উত্তর-পূর্ব কেনিয়ার দাদাব শহরে আফ্রিকার সবচেয়ে বড় ওই শরণার্থী শিবিরটির অবস্থান। জাতিসংঘ তিন মাসের মধ্যে এটি বন্ধ করে সেখানকার শরণার্থীদের অন্য কোথাও সরিয়ে না নিলে কেনিয়াই ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ডেপুটি প্রেসিডেন্ট রুটো। তবে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) কেনিয়া শাখার প্রধান রাউফ মাজু বিবিসিকে বলেন, শিবিরটি বন্ধ করে দেওয়ার জন্য তাঁদের কিছু বলা হয়নি।
সোমালীয় জঙ্গি সংগঠন আল-শাবাবের সদস্যরা ২ এপ্রিল কেনিয়ার গারিসা শহরের বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়ে ১৪৮ জন ছাত্রছাত্রীকে হত্যা করে। ওই ঘটনার পর কেনিয়ার সরকার জঙ্গিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।
উইলিয়াম রুটো বলেন, ৯/১১-এর হামলার পর যুক্তরাষ্ট্র যেভাবে বদলে গিয়েছিল, গারিসায় হামলার পর কেনিয়াও একইভাবে বদলে যাবে। তাঁরা যেকোনো মূল্যে দেশের নিরাপত্তা নিশ্চিত করবেন।
অস্থিতিশীল সোমালিয়া থেকে পালিয়ে আসা মানুষকে আশ্রয় দেওয়ার জন্য ১৯৯১ সালে দাদাব শরণার্থী শিবির প্রতিষ্ঠা করা হয়।