দারফুরে যুদ্ধাপরাধ তদন্তে আইসিসির কার্যক্রম স্থগিত
সুদানের দারফুরে যুদ্ধাপরাধের অভিযোগ তদন্তে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। ওই কাজের দায়িত্বপ্রাপ্ত আইসিসির কৌঁসুলি ফাতু বেনসুদা গত শুক্রবার এ কথা জানিয়েছেন। খবর এএফপির।
যুদ্ধবিধ্বস্ত সুদানে নিষ্ক্রিয়তা এবং দেশটির প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারের উদ্যোগ না নেওয়ায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সমালোচনা করেছেন বেনসুদা। শুক্রবার তিনি দারফুর নিয়ে নিজের ২০তম প্রতিবেদনটি নিরাপত্তা পরিষদে উপস্থাপন করেন। প্রেসিডেন্ট বশির ও আরও তিনজন সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে একাধিক মামলার কার্যক্রম স্থগিত রয়েছে।
সুদানের পশ্চিমাঞ্চলে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ করার অভিযোগে প্রেসিডেন্ট বশিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাঁর সরকার ২০০৩ সাল থেকে সেখানে বিদ্রোহ দমনের জন্য চেষ্টা করছে। ২৫ বছর ধরে সুদানের ক্ষমতায় রয়েছেন বশির। ২০০৯ সালে প্রথম কোনো ক্ষমতাসীন কোনো রাষ্ট্র বা সরকারপ্রধান হিসেবে আইসিসিতে অভিযুক্ত হন তিনি। যেসব দেশের সরকার তাঁকে গ্রেপ্তার করতে অনিচ্ছুক বশির সেসব দেশে যাতায়াত অব্যাহত রেখেছেন। তিনি গত কয়েক মাসে কাতার, সৌদি আরব, মিসর ও ইথিওপিয়া সফর করেছেন।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, দারফুরের সংঘাতে অন্তত তিন লাখ মানুষ নিহত হয়েছে। এ ছাড়া বাড়িছাড়া হয়েছে ২০ লাখ।