প্রাণঘাতী ইবোলা ভাইরাসে আক্রান্ত মানুষের প্রবেশ ঠেকাতে গিনির কর্তৃপক্ষ লাইবেরিয়া ও সিয়েরা লিওনের সঙ্গে স্থলসীমান্ত সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। গিনির স্বাস্থ্যমন্ত্রী রেমি লামাহ্ শনিবার এ ঘোষণা দেন। পশ্চিম আফ্রিকার ওই তিন দেশে ইবোলা সংক্রমণে অন্তত ৯৫৯ জন প্রাণ হারিয়েছে। খবর এএফপি, বিবিসি ও এনডিটিভির।
ইবোলার এবারের প্রাদুর্ভাব গিনি থেকেই শুরু হয়েছিল বলে ধারণা করা হয়। কিন্তু লাইবেরিয়া ও সিয়েরা লিওন থেকেই এখন বেশি সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। ইবোলার বিস্তার রোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত শুক্রবার বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। আর লাইবেরিয়া, সিয়েরা লিওন, গিনি ও নাইজেরিয়ায় ভিন্ন ভিন্ন মাত্রায় জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়েছে।
মানুষের শরীর থেকে নিঃসৃত রক্তসহ বিভিন্ন তরল পদার্থের সংস্পর্শে এলে ইবোলা ভাইরাস ছড়ায়। এ ছাড়া বাদুড়ের মাধ্যমেও এটি ছড়াতে পারে। বিশ্বের বিভিন্ন দেশের সরকার নিজ নাগরিকদের ইবোলাপীড়িত দেশগুলোতে ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। মূল প্রাদুর্ভাবের দেশগুলোর বেশ কিছুটা পূর্বদিক অবস্থিত জনবহুল নাইজেরিয়ায়ও ইবোলা ধরা পড়েছে। সেখানে আক্রান্ত দুজনের মৃত্যু হয়েছে। ইবোলায় আক্রান্তদের চিকিৎসা ও সেবাকেন্দ্র স্থাপনে নাইজেরিয়া অন্তত এক কোটি ১০ লাখ মার্কিন ডলার বরাদ্দ করেছে।
ডব্লিউএইচও গত শুক্রবার জানায়, এ পর্যন্ত মোট এক হাজার ৭৭৯ জনের শরীরে ইবোলার সংক্রমণ হয়েছে। সিয়েরা লিওনে ২৬ ও লাইবেরিয়ায় ৩৮ জন নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
ইবোলা নিয়ন্ত্রণে হিমশিম খাওয়ার কথা স্বীকার করে ডব্লিউএইচওর মহাপরিচালক মার্গারেট চ্যান বলেন, ভাইরাসটি এত দ্রুত ছড়াচ্ছে যে তা নিয়ন্ত্রণ করা তাঁদের জন্য কঠিন হয়ে পড়েছে।
গিনিতে ইবোলার সংক্রমণ সবচেয়ে বেশি হয়েছে লাইবেরিয়া ও সিয়েরা লিওন সীমান্ত এলাকায়। এদিকে ইবোলায় আক্রান্ত দুই মার্কিন নাগরিকের চিকিৎসা চলছে যুক্তরাষ্ট্রের আটলান্টায়। তাঁদের অবস্থার উন্নতির খবর পাওয়া গেছে।