দক্ষিণ আফ্রিকার দুর্নীতি নজরদারি সংস্থা দেশটির সাবেক ও বর্তমান অর্থমন্ত্রী এবং বর্তমান অর্থ প্রতিমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে। বর্তমান সরকারের মন্ত্রীদের নিয়োগে প্রেসিডেন্ট জ্যাকব জুমা আলোচিত ধনাঢ্য গুপ্ত পরিবারের দ্বারা প্রভাবিত হয়েছিলেন কি না, সে বিষয়ে তদন্তের অংশ হিসেবে তা করা হচ্ছে। স্থানীয় সানডে টাইমস পত্রিকার খবর অনুযায়ী, দেশটির পাবলিক প্রটেকটর থালি মাদোনসেলা ইতিমধ্যে অর্থমন্ত্রী প্রবীণ গোরধান, অর্থ প্রতিমন্ত্রী এমসিবিসি জোনাস এবং সাবেক অর্থমন্ত্রী এনহ্লোনহেলা নেনেকে জিজ্ঞাসাবাদ করেছেন। তাঁদের বাইরে আরও কমপক্ষে ২০ জন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। চলতি বছরের শুরুতে অর্থ প্রতিমন্ত্রী জোনাস অভিযোগ করেন, গুপ্ত পরিবারের সদস্যরা তাঁকে অর্থমন্ত্রীর গদি পাইয়ে দেওয়ার প্রস্তাব দেন। প্রেসিডেন্ট জুমার পরিবারের সঙ্গে গুপ্ত পরিবারের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে।
রয়টার্স