দুবার জলদস্যুর কবলে পড়েছেন তিনি
ন্যাড়া বেলতলায় একবারই যায়। কিন্তু সাগরে যার জীবিকা তাকে ডাকাতে ধরলেও সাগরেই ফিরতে হয়। নাইজেরীয় মেরিন প্রকৌশলী কিংস নেমিয়া ওকোইয়ে তেমনি একজন। দু-দুবার জলদস্যুর কবলে পড়েছেন ২৫ বছর ধরে সাগরে ভেসে বেড়ানো ওকোইয়ে।
ওকোইয়ে প্রথমবার দস্যুর হাতে পড়েন নাইজেরিয়ার উপকূলে। দিনটি ২০১০ সালের পয়লা অক্টোবর। তখন তিনি শেল কোম্পানিতে চাকরি করেন। এর দুই বছর যেতে না যেতেই আবার অপহৃত হন দুর্ধর্ষ সোমালি জলদস্যুদের হাতে। সেই ভয়ানক অভিজ্ঞতা তিনি এভাবেই বলেছেন বিবিসিকে:
‘আমাদের জাহাজের পাহারায় থাকা ১৬ জন সেনাকে মেরে ফেলল নাইজেরীয় জলদস্যুরা। শুরু করল লুটপাট। ভাঙচুর করল সবকিছু। জাহাজটাও নিয়ে চলল নাইজেরিয়ার দিকে। সেখানে বনের মধ্যে নিয়ে গিয়ে চার দিন রাখল। ওরা আমাদের প্রচণ্ড মারধর করত। তবে বলত, মেরে ফেলবে না। ওরা শুধু চায় তেল। জাহাজের সব ডিজেল লুটে নিয়ে আমাদের একদিন ছেড়েও দিল।
এরপর আমি সোমালি জলদস্যুদের কবলে পড়ি ২০১২ সালের ২৮ ফেব্রুয়ারি। কেমিক্যাল ভরা ট্যাংকার নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ করেই ওরা এসে পড়ল। আমি ছিলাম ইঞ্জিন রুমে। দস্যুরা সমানে গুলি ছুড়ছিল। আমাদের জাহাজটা সোমালিয়ার দিকে নিয়ে যেতে বাধ্য করল ওরা।
সোমালিয়ায় পৌঁছে জলদস্যুরা আমাদের বলল, জাহাজের মালিকের সঙ্গে মুক্তিপণ নিয়ে যোগাযোগ করতে। তবে বিষয়টা সহজে মিটল না। এক বছরেরও বেশি সময় ধরে আটকা থাকতে হলো আমাদের। শুরুতে ডাকাতেরা আড়াই কোটি ডলার মুক্তিপণ চাইলেও শেষে দেড় কোটিতে রফা হলো।
নিষ্ঠুর সোমালি জলদস্যুরা আমাকে মাঝেমধ্যে গরু-ছাগলের মতো বেঁধে রেখে পেটাত। অজ্ঞান না হওয়া পর্যন্ত চলত নির্যাতন। ওরা বলত, “নাইজেরীয়টাকে পেটাই। ওকে পেটালে মালিককে বলে ও টাকার ব্যবস্থা করতে পারবে।” দস্যুরা কিন্তু আমাদের সঙ্গে আটক ভারতীয়, বাংলাদেশি বা পাকিস্তানিদের মারত না।
দুই মাস পর বেশির ভাগ বন্দী অসুস্থ হয়ে পড়ল। জলদস্যুরা তখন কোত্থেকে এক আরব চিকিৎসককে নিয়ে এল। বন্দীজীবনে খাবার ছিল একটা বড় সমস্যা। জলদস্যুদের কাছে নাইজেরীয় খাবার ছিল না। ছিল শুধু চাল আর আটা। তারও মজুত বেশি ছিল না। খাবার ফুরিয়ে গেলে না খেয়ে থাকতে হবে বলে জলদস্যুরা সাবধান করে দিত আমাদের।
এক সন্ধ্যায় ওরা হঠাৎ বলল, “আজ তোমরা জাহাজ চালু করতে পারো। তোমরা এখন মুক্ত।” এটা ছিল গত মার্চ মাসের কোনো এক দিন। ১৩ মাস ধরে বন্দী থাকার পর মুক্ত বাতাসে শ্বাস নিতেও যেন সমস্যা হচ্ছিল!