দুর্নীতির অভিযোগ থেকে রেহাই নেই প্রেসিডেন্ট জুমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে তাঁর বিরুদ্ধে ওঠা ঘুষের অভিযোগ মোকাবিলা করতে হবে বলে আদেশ দিয়েছেন দেশটির হাইকোর্ট। এর আগে সরকারি কৌঁসুলিরা তাঁর বিরুদ্ধে দুর্নীতি-সংক্রান্ত ৭৮৩টি অভিযোগ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিলেন। শুক্রবার সর্বোচ্চ আদালত এমন আদেশ দেন। এ আদেশ ওই কৌঁসুলিদের সিদ্ধান্তের বিরুদ্ধে একধরনের চপেটাঘাত বলে ধরা হচ্ছে। এর ফলে ইতিমধ্যে সংবিধান লঙ্ঘনের দায়ে আইনি সংকটের আবর্তে পড়া প্রেসিডেন্ট জ্যাকব জুমার ওপর আরও চাপ বাড়ল। 

প্রিটোরিয়া হাইকোর্টের বিচারপতি অবরেই লেদওয়াবা বলেন, ‘জ্যাকব জুমার বিরুদ্ধে ওঠা অভিযোগ উঠিয়ে দেওয়াটা ছিল অযৌক্তিক এবং তা পর্যালোচনা করা উচিত। যেহেতু তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, তাই তাঁকে তা মোকাবিলা করতে হবে।’ দক্ষিণ আফ্রিকার কয়েক শ কোটি ডলারের অস্ত্র চুক্তিকে ঘিরে প্রেসিডেন্ট জুমার বিরুদ্ধে বেশ আগেই উঠেছে ওই ঘুষ-দুর্নীতির অভিযোগ। তবে ২০০৯ সালে এসব অভিযোগ থেকে তাঁকে প্রধান সরকারি কৌঁসুলি নিষ্কৃতি দেন। এতে সে বছর আরও পরের দিকে জুমার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পথের কাঁটা অপসারিত হয়।
সেই সময় অভিযোগ তুলে নেওয়ার পক্ষে প্রধান সরকারি কৌঁসুলি যে যুক্তি দাঁড় করিয়েছিলেন তা হলো তৎকালীন প্রেসিডেন্ট থাবো এমবেকির প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যকার টেলিফোন আলাপের রেকর্ড যাচাই করে দেখা গেছে, অভিযোগগুলোর পেছনে রাজনৈতিক হস্তক্ষেপ ছিল। অভিযোগ প্রত্যাহারের পর থেকে এ সিদ্ধান্তের বিরুদ্ধে দীর্ঘ আইনি লড়াই শুরু করে দক্ষিণ আফ্রিকার প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (ডিএ)। তাদের দাবি ছিল, সরকারি কৌঁসুলির এ সিদ্ধান্ত ভুল। ক্ষমতাসীন প্রেসিডেন্ট জ্যাকব জুমা গত মাসে বড় ধরনের আরেকটি আইনি ধাক্কা খান। সর্বোচ্চ আদালত তাঁকে ব্যক্তিগত বাসভবন উন্নয়নের পেছনে সরকারি অর্থ খরচের ঘটনায় সংবিধান লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করেন।