দেশে ফিরতে চান দক্ষিণ সুদানের রিক মাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ থেকে পালিয়ে যাওয়া দক্ষিণ সুদানের পদচ্যুত ভাইস প্রেসিডেন্ট রিক মাচার দেশে ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করেছেন। গত আগস্ট মাসে দক্ষিণ আফ্রিকায় পালিয়ে যান মাচার।
নিজের ‘বিশ্বাসযোগ্যতা অক্ষুণ্ন রয়েছে’ বলে দাবি করে রিক মাচার বিবিসিকে বলেন, তাঁর নেতৃত্বাধীন বিরোধী পক্ষ এখনো প্রেসিডেন্ট সালভা কিরের সঙ্গে শান্তিচুক্তি করার চেষ্টা করতে পারে।
বিবিসিকে দেওয়া একটি সাক্ষাৎকারে মাচার বলেন, ‘আমি দক্ষিণ সুদানে ফিরে যাচ্ছি।...প্রেসিডেন্ট সালভা কির গণতান্ত্রিক, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে আগ্রহী নন। তিনি আমাদের আক্রমণ করে আবার যুদ্ধ শুরু করেছেন।’
তবে প্রেসিডেন্ট সালভা কিরের কর্মকর্তারা নতুন করে সংঘাতের জন্য মাচারের সেনাদের দায়ী করেছেন।
গত সপ্তাহে দক্ষিণ সুদানের মালাকা শহরে প্রচণ্ড যুদ্ধ সত্ত্বেও রিক মাচারের এই বিবৃতি এল। তিনি এখন জোহানেসবার্গে চিকিৎসাধীন।
জুলাই মাসে মাচারের দেহরক্ষী ও প্রেসিডেন্ট সালভা কিরের রক্ষীবাহিনী সংঘাতে জড়ালে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে কয়েক শ লোক মারা যায় এবং এক লাখেরও বেশি লোক সীমান্ত পাড়ি দেয়। গৃহযুদ্ধ বন্ধ ও ঐক্যের সরকার গঠনের লক্ষ্যে একটি শান্তিচুক্তি হওয়ার এক বছরেরও কম সময়ের মধ্যে আবার সংঘাত হলো।