নাইজেরিয়ার উত্তরাঞ্চলের দালোরি গ্রামে গত শনিবার ধ্বংসযজ্ঞ চালিয়েছে জঙ্গিগোষ্ঠী বোকো হারাম। আত্মঘাতী হামলা, মুহুর্মুহু গুলি ও ঘরে ঘরে আগুন জ্বালিয়ে দেয় তারা। এতে শিশুসহ অন্তত ৮৬ জনের প্রাণহানি ঘটে। খবর গার্ডিয়ানের।
এ হামলার পর বিভিন্ন স্থানে পড়ে থাকতে দেখা যায় বুলেটবিদ্ধ ও দগ্ধ মৃতদেহ। তাৎক্ষণিকভাবে এ ঘটনার নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
দালোরি সম্প্রদায়ের এক নেতা বলেন, শনিবার এশার নামাজের পর ঘরের বাইরে বসে থাকার সময় গোলাগুলির শব্দ শুনতে না শুনতেই এসে হাজির হয় হামলাকারীরা।
সরকারি উচ্চপদস্থ এক কর্মকর্তা হামলায় অন্তত ৮৫ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেন। যদিও এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘হামলায় মৃতের সংখ্যা যারাই এক শর কম বলছেন, ধরে নেন তা মিথ্যা।’
ওই হামলার সময় গাছে লুকিয়ে থাকা এক প্রত্যক্ষদর্শী বলছেন, কুঁড়েঘরগুলোতে জঙ্গিদের বোমা ফেলা স্বচক্ষে দেখেন তিনি। শোনেন কীভাবে আর্তচিৎকার করতে করতে মৃত্যুর কোলে লুটিয়ে পড়ে ঘরগুলোর শিশুরা।