নাইজেরিয়ায় মসজিদ গির্জা রেস্তোরাঁয় হামলা, নিহত ৫১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ায় গত রোববার একটি রেস্তোরাঁ, একটি মসজিদ ও একটি গির্জায় বোমা হামলা ও গুলিতে অন্তত ৫১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। খবর এএফপি ও রয়টার্সের।

গতকাল সোমবার দেশটির প্রধান ত্রাণ সংস্থা জানায়, দেশের মধ্যাঞ্চলের জোস শহরে রোববার রাতে সন্দেহভাজন জঙ্গিগোষ্ঠী বোকো হারামের বোমা, গ্রেনেড ও গুলিতে অন্তত ৪৪ জন নিহত হন। আহত হন আরও ৪৭ জন। তাঁদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে একই দিন দেশটির উত্তরাঞ্চলের পতিসকুম শহরের একটি গির্জায় আত্মঘাতী বোমা হামলায় নিহত হণ অন্তত ছয়জন।

দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এনইএমএ) মুখপাত্র মোহাম্মদ আবদুল সালাম বলেন, দুটি ঘটনাস্থল থেকে ৪৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আহত ৪৭ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, শহরের একটি রেস্তোরাঁয় আত্মঘাতী বোমা হামলায় নিহত হন ২৩ জন। এ ছাড়া শহরের একটি মসজিদের বাইরে গ্রেনেড হামলা ও গুলিতে নিহত হন আরও অন্তত ২১ জন।

বশির আবদুল্লাহি নামের একজন স্থানীয় বাসিন্দা বলেছেন, ‘রেস্তোরাঁয় আত্মঘাতী হামলার পরপরই অনেককে রক্তাক্ত অবস্থায় দৌড়ে বেরিয়ে আসতে দেখেছি। অনেক মানুষ নিহত হয়েছে বলে মনে হচ্ছে।’

অন্যদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মসজিদটিতে তখন স্থানীয় একজন সুপরিচিত ইমাম বয়ান করছিলেন। একপর্যায়ে তিনটি গাড়িতে করে বেশ কিছু বন্দুকধারী মসজিদের বাইরে এলোপাতাড়ি গুলি শুরু করে। পরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

এই হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। তবে জোস শহরটি এর আগেও ইসলামপন্থী জঙ্গিদের হামলার লক্ষ্যবস্তু ছিল।

 জোস শহরের অবস্থান নাইজেরিয়ার খ্রিষ্টান অধ্যুষিত দক্ষিণাঞ্চল ও মুসলিম অধ্যুষিত উত্তরাঞ্চলের মাঝামাঝি এলাকায়। গত এক দশকে এই এলাকায় সাম্প্রদায়িক দাঙ্গায় হাজারো মানুষ নিহত হয়।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একজন আত্মঘাতী হামলাকারী রোববার পতিসকুম শহরের একটি গির্জার ভেতরে ঢুকে বোমায় নিজেকে উড়িয়ে দেন। এতে অন্য পাঁচজন প্রার্থনাকারী নিহত হন।