নাইজেরিয়ায় ৫৪ জন সেনাকে মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ার চরমপন্থী ইসলামী জঙ্গি গোষ্ঠী বোকো হারামের বিরুদ্ধে অভিযান চালাতে অপারগতা প্রকাশ করার দায়ে দেশটির ৫৪ জন সেনাসদস্যকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কোর্ট মার্শাল করে তাঁদের এ শাস্তি দেওয়া হয়। অক্টোবর থেকে এই কোর্ট মার্শাল শুরু হয়।

এই সেনাদের বিরুদ্ধে অভিযোগ, গত আগস্টে বোকো হারাম তিনটি শহর দখল করে নিলে তা পুনরুদ্ধারে সহায়তা করতে অস্বীকৃতি জানান তাঁরা।
দণ্ড পাওয়া এই সেনাদের পক্ষের একজন আইনজীবী বিবিসিকে জানিয়েছেন, এই ৫৪ জনকে ফায়ারিং স্কোয়াডে নেওয়া হবে। তবে অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে পাঁচজনকে।

অভিযুক্ত এসব সেনাসদস্য জানিয়েছেন, বোকো হারামের বিরুদ্ধে লড়াই করার জন্য তাঁদের পর্যাপ্ত অস্ত্র গোলাবারুদ দেওয়া হয়নি।
সেনাবাহিনীর পক্ষের আইনজীবী ফেমি ফালানা বলেন, এই ৫৪ জন নাইজেরিয়ার সেনাবাহিনীর সেভেন ডিভিশনের কর্তৃপক্ষের বিরুদ্ধে বিদ্রোহ করার ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত। তবে সেনারা এসব অভিযোগ অস্কীকার করেছেন।

এ বছর বোকো হারামের হামলায় দেশটিতে দুই হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। আর বাস্তুচ্যুত হয়েছে হাজার হাজার মানুষ।

গত সেপ্টেম্বরে একই ধরনের অভিযোগে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাইদুগোরিতে ১২ সেনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।