নাইজেরিয়ায় ৫৪ সেনার মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ার একটি সামরিক আদালত ৫৪ জন সেনাসদস্যের ফাঁসির আদেশ দিয়েছেন। জঙ্গি ইসলামি সংগঠন বোকো হারামের সঙ্গে যুদ্ধ করতে অস্বীকৃতি জানানোর মাধ্যমে বিদ্রোহ করায় ওই দণ্ডের আদেশ দেওয়া হয়। খবর বিবিসির।
দণ্ড পাওয়া সেনারা বোকো হারামের হাতে দখল হওয়া তিনটি শহর মুক্ত করার জন্য লড়তে অস্বীকৃতি জানান বলে অভিযোগ।
দণ্ডিত সেনাদের এক আইনজীবী বলেন, ৫৪ জনের দণ্ড ফায়ারিং স্কোয়াডে কার্যকর করা হতে পারে। পাঁচজনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
দণ্ডিত সেনাসদস্যরা বিদ্রোহের অভিযোগ অস্বীকার করেছেন। তা ছাড়া আত্মপক্ষ সমর্থন করে বলেছেন, বোকো হারামের সঙ্গে লড়াইয়ের জন্য তাঁদের পর্যাপ্ত অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম দেওয়া হয়নি।
গত অক্টোবর মাসে ওই রুদ্ধদ্বার সামরিক আদালতের কাজ শুরু হয়। এর রায়ের বিষয়ে মন্তব্য করতে কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। শীর্ষ সেনা কর্মকর্তাদের অনুমোদনের পর এই দণ্ড কার্যকর হবে।
একই ধরনের ঘটনায় গত সেপ্টেম্বর মাসে বিদ্রোহ এবং একজন পদস্থ সেনা কর্মকর্তাকে হত্যার চেষ্টার দায়ে ১২ জন সেনাসদস্যকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।