নাইজেরিয়ার পাঁচ সেনা কর্মকর্তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরীয় সেনাবাহিনীর কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গতকাল বুধবার লন্ডনভিত্তিক সংগঠনটি বলেছে, জঙ্গি সংগঠন বোকো হারামের বিরুদ্ধে লড়াইয়ে সেনাবাহিনী যে যুদ্ধাপরাধ করেছে, আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) তা তদন্ত করে দেখার মতো যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ আছে। খবর এএফপির।
১৩৩ পৃষ্ঠার নতুন একটি প্রতিবেদনে অ্যামনেস্টি পাঁচজন জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে এ অভিযোগ তুলে ধরেছে। সেনা সূত্রসহ শত শত লোকের সাক্ষাৎকার ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ফাঁস হওয়া দলিলপত্রের ভিত্তিতে এটি তৈরি করা হয়েছে। অ্যামনেস্টি বলেছে, সেনাবাহিনী ও তাদের সহযোগী বেসামরিক পাহারা দলগুলো কয়েক হাজার মানুষকে বিচারবহির্ভূতভাবে হত্যা করেছে। সেনাবাহিনীর হেফাজতে আটক ব্যক্তিদের ওপর অত্যাচারের বিষয়ও অভিযোগের মধ্যে রয়েছে।