নাইজেরিয়ায় অপহৃত চিবক মেয়েদের ২১ জনের মুক্তি?
নাইজেরিয়ার জঙ্গি গোষ্ঠী বোকো হারামের কাছ থেকে ‘মুক্তি পেয়েছে’ দেশটির চিবক এলাকার অপহৃত স্কুলছাত্রীদের মধ্যে ২১ জন। একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা বিবিসিকে নাম না প্রকাশের শর্তে এ কথা জানিয়েছেন। তবে এ কথিত মুক্তির ব্যাপারে সরকারিভাবে কোনো বিবৃতি দেওয়া যায়নি। এর আগেও অপহৃত ওই স্কুলছাত্রীদের মুক্তি নিয়ে কিছু খবর বের হয়েছে, যা পরে ভুল প্রমাণিত হয়।
বোকো হারাম ২০১৪ সালের এপ্রিলে চিবকের একটি স্কুল থেকে ২৭০ জনের বেশি মেয়ে-শিক্ষার্থীকে অপহরণ করে। এ ঘটনায় আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় ওঠে। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোয় বিশ্বের এ-যাবৎকালের অন্যতম বড় প্রচারণা শুরু হয়। টুইটারে খোলা হয় ‘ব্রিং ব্যাক আওয়ার গার্লস’ (আমাদের মেয়েদের ফিরিয়ে আনো) নামে হ্যাশট্যাগও।
২১ স্কুলছাত্রী কীভাবে ছাড়া পেল, তা নিয়ে সরকারি কর্মকর্তারা কিছু বলেননি।
অপহৃত শিক্ষার্থীদের উদ্ধারে বোকো হারামের শক্ত ঘাঁটি বলে পরিচিত গভীর সামবিসা বনে ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে সেনাবাহিনী।
গত মে মাসে সেনাসমর্থিত অনুসন্ধানকর্মীদের একটি দল ১৯ বছর বয়সী এক স্কুলশিক্ষার্থীকে উদ্ধার করতে সক্ষম হয়। এ ঘটনার পর সবার ধারণা হয়, এখনো ২১৮ শিক্ষার্থী অপহৃত অবস্থায় রয়েছে। অপহরণের দিনই অর্ধশতাধিক শিক্ষার্থী পালিয়ে আসতে সক্ষম হয়।
গণমাধ্যমের খবর অনুযায়ী, নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে সাত বছর ধরে চলতে থাকা বিদ্রোহে বোকো হারাম কয়েক হাজার লোককে অপহরণ করেছে।