নাইজেরিয়ায় গ্যাস-বিস্ফোরণে বহু হতাহত
নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে একটি শিল্প গ্যাস কারখানায় বিস্ফোরণে বহু মানুষ হতাহত হয়েছে। আজ শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিভিন্ন প্রতিবেদনে নিহতের সংখ্যা ৩৫ থেকে ১০০ জন পর্যন্ত বলা হচ্ছে। কোনো সূত্রই অবশ্য সুনির্দিষ্ট সংখ্যা নিশ্চিত করতে পারেনি।
গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, আনামব্রা (প্রদেশের নিউই শহরে সিলিন্ডারজাত রান্নার গ্যাস খালাস করার সময় একটি ট্রাক বিস্ফোরিত হলে হতাহতের ঘটনা ঘটে।
হতাহত ব্যক্তিদের মধ্যে কারখানার কর্মী ও আশপাশের লোকজন রয়েছে। সিলিন্ডারে গ্যাস নিতে আসা লোকজন এবং পথচারীরাও এই বিস্ফোরণে হতাহত হয়। এসব ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
বিস্ফোরণে হতাহত হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। তবে এ ব্যাপারে তারা বিস্তারিত কোনো তথ্য জানায়নি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বিস্ফোরণের পর আগুনের বিশাল ফুলকি লক্ষ করা যায়।
একজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য, বাধ্যবাধকতা না মেনেই একটি ট্রাক রান্নার গ্যাস খালাস করছিল। এ সময় বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণ থেকে সৃষ্ট আগুনের ব্যাপ্তি এতই বেশি ছিল যে, নেভাতে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের কয়েক ঘণ্টা লেগে যায়।