নাইজেরিয়ায় চার্চের ছাদ ধসে বহু হতাহত
নাইজেরিয়ার দক্ষিণ–পূর্বাঞ্চলে একটি চার্চের ছাদ ধসে বহু হতাহতের ঘটনা ঘটেছে। দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি গতকাল শনিবার এ কথা জানিয়েছেন। সরকারি গণমাধ্যম বলছে, নিহতের সংখ্যা ২০০ ছাড়াতে পারে।
এএফপির খবরে জানা যায়, দুর্ঘটনার সময় নাইজেরিয়ার আকওয়া ইবোম রাজ্যের রাজধানী ইয়োর ওই চার্চে প্রার্থনা করতে অনেকে ভিড় করেছিলেন। স্থানীয় গণমাধ্যম বলছে, ধসে পড়া ছাদটির নির্মাণকাজ চলছিল। সরকারি গণমাধ্যম নাইজেরিয়ান নিউজ এজেন্সি বলছে, ৫০ থেকে ২০০ জন নিহত হতে পারে।
ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে। প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির মুখপাত্র গার্বা সেলু এক বিবৃতিতে জানান, দুর্ঘটনায় হতাহতে প্রেসিডেন্ট নিজের ও পরিবারের পক্ষ থেকে আকওয়া ইবোম রাজ্যের গভর্নর ও জনগণকে গভীর শোক জানিয়েছেন।
দুর্ঘটনার সময় চার্চে গভর্নর ছিলেন। তবে তিনি আহত হননি। গতকাল শনিবার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজস্ব পেজে গভর্নর জানান, রাজ্যের ইতিহাসে এর আগে এ রকম বড় দুর্ঘটনা ঘটেনি।
গত বছরের সেপ্টেম্বর মাসে নাইজেরিয়ার লাগোসে একটি চার্চ ধসে ১১৫ জন নিহত হন। তাঁদের মধ্যে ৮৪ জন ছিলেন দক্ষিণ আফ্রিকার।