নাইজেরিয়ায় জোড়া বোমা হামলায় নিহত ৪৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ার জস শহরে আজ সোমবার জোড়া বোমা হামলার ঘটনায় কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছে। দেশটির প্রধান ত্রাণ সংস্থা ন্যাশনাল ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির (নেমা) বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ কথা জানিয়েছে।

নেমার কর্মকর্তা মোহাম্মদ আবদুস সালাম বলেন, জোড়া বোমা হামলার ঘটনায় এ পর্যন্ত ৪৪ জন নিহত ও ৪৭ জন আহত হয়েছে।

এর আগে প্ল্যাটু রাজ্যের পুলিশ বলেছিল, গতকাল রোববার রাতে একটি বিপণিকেন্দ্র ও তার পাশের একটি মসজিদে হামলার ঘটনায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে। তবে মৃতের সংখ্যা কমিয়ে বলার বিষয়টি নাইজেরিয়ায় নতুন কিছু নয়। পুলিশ, সেনাবাহিনী ও সরকারি বিভিন্ন কর্তৃপক্ষ আগেও বহুবার মৃতের সংখ্যা কমিয়ে বলেছে।

এখন পর্যন্ত কেউ এই বোমা হামলার দায় স্বীকার করেনি। তবে ধর্মীয়ভাবে বিভক্ত জস শহরটি আগে থেকে ইসলামি জঙ্গিদের হামলার লক্ষ্যবস্তু ছিল।

প্ল্যাটু রাজ্যের রাজধানী জস। এই রাজ্যে খ্রিষ্টান ও মুসলমানদের বাস। মূলত খ্রিষ্টানেরা রাজ্যটির দক্ষিণ এবং মুসলমানেরা উত্তর ভাগে বাস করে। গত এক দশকে জাতিগত সহিংসতায় এখানে বহু লোক হতাহত হওয়ার ঘটনা ঘটেছে। দেশটিতে ইসলামি জঙ্গি গোষ্ঠী বোকো হারাম নানা সহিংস ঘটনা ঘটিয়ে যাচ্ছে।