নাইজেরিয়ায় বন্দুকধারীর হামলা, নিহত ৪৩
নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় সোকোতো রাজ্যে বন্দুকধারীদের গুলিতে ৪৩ জন নিহত হয়েছে। গতকাল সোমবার রাজ্যের গভর্নরের কার্যালয় থেকে দেওয়া বিবৃতিকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
সোকোতো রাজ্যের গভর্নর আমিনু ওয়াজিরি তাম্বুয়াল বলেন, গত রোববার গোরোনিয়ো এলাকার একটি সাপ্তাহিক বাজারে গুলি ছোড়ার মধ্য দিয়ে হামলা শুরু হয়। গতকাল সকাল পর্যন্ত অব্যাহত থাকে তা।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নাইজেরিয়ার উত্তর–পশ্চিমাঞ্চলে এক বছর ধরে বন্দুকধারীরা অনেক মানুষকে হত্যা করছে। মুক্তিপণ আদায় করতে শত শত মানুষকে অপহরণ করছে তারা। বিভিন্ন জায়গায় যোগাযোগসেবা বিচ্ছিন্ন করে, সেনা অভিযান চালিয়ে এবং পুলিশ উপস্থিতি বাড়িয়ে এ নিরাপত্তার সংকট মোকাবিলার চেষ্টা করছে দেশটির সরকার।
ইলিয়াসু আব্বা নামের স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী রয়টার্সকে বলেন, বাজারটিতে ক্রেতা ও ব্যবসায়ীদের খুব ভিড় ছিল। বন্দুকধারীরা বাজারের চারপাশ ঘিরে ফেলে বিক্ষিপ্তভাবে গুলি ছুড়তে থাকে। পুলিশ সদস্যরা বাধা দেওয়ার চেষ্টা করছিলেন। তবে তাদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করে বন্দুকধারীরা।
এ ব্যাপারে পুলিশের এক মুখপাত্রের মন্তব্য জানতে চেয়ে সাড়া পায়নি রয়টার্স।
সোকোতো গভর্নর আমিনু ওয়াজিরি তাম্বুয়াল তাঁর রাজ্যে সেনা উপস্থিতি বাড়ানোর অনুরোধ জানিয়েছেন।
সেপ্টেম্বরের শুরুর দিকে জামফারা রাজ্যজুড়ে টেলিফোন ও ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় নাইজেরিয়া সরকার। পরবর্তী সামরিক অভিযান জোরদার হওয়ার সঙ্গে সঙ্গে কাতসিনা, সোকোতো ও কাদুনা রাজ্যেও টেলিফোন ও ইন্টারনেট বন্ধ করা হয়। নাইজেরিয়ার শীর্ষ জেনারেল গত সপ্তাহে জানান, টেলিকম সেবা বন্ধ রাখার এ সিদ্ধান্ত বলবৎ থাকবে। কারণ, যোগাযোগ বিচ্ছিন্ন থাকলে দুর্বৃত্তদের বিরুদ্ধে ধরপাকড় অভিযান চালাতে সুবিধা হয় তাদের। তবে ইন্টারনেট ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন রাখার এ সিদ্ধান্তে জনগণের দৈনন্দিন জীবন বিঘ্নিত হচ্ছে। বন্দুকধারীর হামলাকবলিত এলাকাগুলোতে কী ঘটছে, তা জানা কঠিন হয়ে পড়ে তখন। লাখো মানুষের ব্যবসায়িক কর্মকাণ্ডও ব্যাহত হয়।