নাইজেরিয়ায় বিক্ষোভকারীদের নিঃশর্ত মুক্তির নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাইজেরিয়ার পুলিশ বিক্ষোভ দমনে টিয়ার সেল ও জলকামান ব্যবহার করে
ছবি: রয়টার্স

পুলিশি বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে গ্রেপ্তার সবাইকে নিঃশর্ত মুক্তি দিতে নির্দেশ দিয়েছেন নাইজেরিয়ার পুলিশপ্রধান। দেশটির বড় শহরগুলোয় সাত দিন ধরে পুলিশের বিশেষ বাহিনী স্পেশাল অ্যান্টি-রবারি স্কোয়াডের (সার্স) বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীদের অনেকে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন।

গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তিই বিক্ষোভকারীদের মূল দাবি হয়ে উঠেছিল।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, বিক্ষোভে ১০ জনকে হত্যা করা হয়েছে।

বিবিসি জানিয়েছে, দেশটির প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারি গত রোববার সার্স ভেঙে দেওয়ার ঘোষণা দিলেও বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভকারীরা এই ঘোষণায় সন্দেহ প্রকাশ করে বলেছেন, তাঁদের মনে হচ্ছে সার্স কর্মকর্তারা তখনো মোতায়েন ছিল।

দেশটির সংগীত তারকা ডেভিডো ও ফালজ বিক্ষোভকারীদের সমর্থন জানান। টুইটারে এন্ডসার্স হ্যাশট্যাগের অধীনে তাঁরা নিজেদের একাত্মতা প্রকাশ করেন।

গতকাল মঙ্গলবার বিক্ষোভকারীরা রাজ্য গভর্নরের আরোপিত বিক্ষোভ নিষেধাজ্ঞার বিরোধিতা করে পোর্ট হারকোর্টের দিকে মিছিল করে। দেশটির রাজধানী আবুজা, বাণিজ্যিক শহর লাগোসসহ আরও চারটি শহরে বিক্ষোভ হয়েছে।

জাতীয় মানবাধিকার কমিশনের সঙ্গে বৈঠকের পর পুলিশপ্রধান মোহাম্মদ আদামু বিক্ষোভকারীদের মুক্তির ঘোষণা দেন।

কতজনকে আটক করা হয়েছিল পুলিশপ্রধান তা উল্লেখ করেননি। তবে তিনি বলেন, নাইজেরীয়দের শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার আছে। তিনি পুলিশবাহিনীকে তাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগে নিষেধ করেন।

মানবাধিকার কমিশনের সঙ্গে বৈঠকের পর স্বতন্ত্র প্যানেলের মাধ্যমে সার্সের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের ঘোষণাও দেওয়া হয়েছে।

বিবিসিতে গত সোমবার প্রকাশিত খবরে জানা যায়, এক ব্যক্তিকে হত্যা করার ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশের বিশেষ বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ চলে। বিক্ষোভ সারা দেশে ছড়িয়ে পড়ে। সার্স স্কোয়াডের কর্মকর্তাদের বিরুদ্ধে অবৈধভাবে আটক, অত্যাচার ও হত্যার অভিযোগ আনা হয়েছে। প্রেসিডেন্টের কার্যালয় বলছে, এই বাহিনীর সদস্যদের পুনর্নিয়োগ দেওয়া হবে। স্কোয়াড পুনর্গঠনে নতুন ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি এর আগে বলেন, তিনি পুলিশের সহিংসতা বন্ধ করতে চান। তিনি সংস্কার করতে চান এবং বিপথগামী কর্মকর্তাদের বিচার চান।

বিক্ষোভকারীরা সার্স স্কোয়াড সংস্কারের বদলে ভেঙে দেওয়ার দাবি জানিয়েছিল। কারণ, পুলিশের আচরণ পরিবর্তনে আগে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার কোনোটাই কার্যকর হয়নি।

বিক্ষোভকারীদের অন্যতম দাবি ছিল বছরের পর বছর ধরে অধিকার লঙ্ঘন ও অন্যায় করে যাওয়া স্কোয়াড বাতিল করা। তবে সার্স বাতিল করা হলেও উদ্বেগের একটি বিষয় রয়ে গেছে। বিতর্কিত পুলিশ বাহিনীর ইউনিটকেই পুনর্নিয়োগ দেওয়া হবে। এতে নাইজেরীয় পুলিশ বাহিনীর মধ্যে সার্সের কর্মীরা ছড়িয়ে পড়বেন। এ নিয়ে উদ্বেগ রয়েছে।

বিক্ষোভকারীরা আরও বলছে, সহিংসতার জন্য তারা নাইজেরিয়ার সব পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা চায়। আগে সহিংসতার জন্য কোনো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা-ও স্পষ্ট নয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, অভিযুক্ত ব্যক্তিদের বিচার নিশ্চিত করা জরুরি।