নাইজেরীয় শিয়াদের ওপর নির্যাতনের অভিযোগ নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ায় গত ডিসেম্বরে শিয়া সম্প্রদায়ের এক গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানকালে নির্যাতন ও কয়েক শ কর্মী-সমর্থককে হত্যার অভিযোগ নাকচ করে দিয়েছেন দেশটির সেনাপ্রধান। খবর এএফপির।
নাইজেরীয় সেনাপ্রধান জেনারেল টুকুর ইউসুফ বুরাতাই গত মঙ্গলবার অভিযোগ নাকচ করে বলেন, সেনাসদস্যরা নিয়ম মেনে যথাযথভাবে কাজ করেছেন। কমান্ডাররা যে নির্দেশ দিয়েছিলেন, তাঁরা তা-ই পালন করেছেন। শিয়া গোষ্ঠীটির অভিযোগ, ওই অভিযানে তাদের শত শত কর্মী নিহত হন।
ইসলামিক মুভমেন্ট অব নাইজেরিয়া (আইএমএন) নামের ওই গোষ্ঠীর সদর দপ্তরে অভিযানকালে ওঠা নির্যাতনের অভিযোগটি তদন্ত করছে নাইজেরিয়ার জাতীয় মানবাধিকার কমিশন। তদন্তে আত্মপক্ষ সমর্থন করে তথ্য-প্রমাণ উপস্থাপন করার সময় সেনাপ্রধান বুরাতাই এ অভিযোগ নাকচ করে বলেন, ১২ ডিসেম্বর অভিযান শুরুর পর দুই দিন ধরে চলা সংঘর্ষে কারও প্রাণহানির খবর পাওয়া যায়নি। সেনাপ্রধান বলেন, তাঁর সেনারা মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল।
নাইজেরিয়ার উত্তরে জারিয়া শহরে সেনাপ্রধানের একটি বহর আইএমএনের কর্মী-সমর্থকেরা অবরুদ্ধ করলে ওই সেনা অভিযান ও সংঘর্ষের সূত্রপাত হয়। গত সপ্তাহে শিয়া গোষ্ঠীটি দাবি করে, অভিযানের পর তাদের ৭৩০ জনের মতো সদস্যের হদিস মিলছে না।
জারিয়া শহরের একটি হাসপাতালের চিকিৎসক এএফপিকে বলেন, ১২ ডিসেম্বর সন্ধ্যায় হাসপাতালের মর্গে কমপক্ষে ৪০০ জনের মরদেহ গুনেছেন তিনি।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআর-ডব্লিউ) বলেছে, নিহত ব্যক্তিদের সংখ্যা অন্তত ৩০০। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কথায়, এটা ‘শত শত’।