নির্যাতনের কথা জানত অস্ট্রেলিয়া সরকার

অস্ট্রেলিয়ার অ্যাটর্নি জেনারেল জর্জ ব্র্যানডিসকে ‘কাপুরুষ’ বলে গাল দিয়েছেন কিউবার গুয়ানতানামো বের কুখ্যাত মার্কিন কারাগারের সাবেক বন্দী ডেভিড হিকস। অস্ট্রেলিয়ার এই নাগরিকের দাবি, ওই কারাগারে নির্যাতনের শিকার হয়েছেন তিনি। দেশটির তৎকালীন সরকার তা জানত।
বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, গতকাল বুধবার অস্ট্রেলিয়ার সিডনিতে মানবাধিকারবিষয়ক একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় এমন ভর্ৎসনার শিকার হন ব্র্যানডিস।
২০০১ সালের নাইন-ইলেভেনের হামলার পর আটক আল-কায়েদার সন্দেহভাজন বন্দীদের সিআইএর জিজ্ঞাসাবাদ-কৌশল নিয়ে গত মঙ্গলবার মার্কিন সিনেটের গোয়েন্দাবিষয়ক কমিটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে বলা হয়, বন্দীদের ওপর নিষ্ঠুর নির্যাতন চালিয়েছিল সিআইএ।
প্রতিবেদনটি প্রকাশ হওয়ার পর বিশ্বজুড়ে সমালোচনা শুরু হয়েছে। জড়িত কর্মকর্তাদের বিচারেরও দাবি উঠেছে।
২০০১ সালে আফগানিস্তানে আটক হন অস্ট্রেলীয় নাগরিক হিকস। তাঁর বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ আনা হয়। ২০০২ সালের জানুয়ারিতে তাঁকে গুয়ানতানামো বেতে পাঠানো হয়। ২০০৭ সালে দেশে ফেরেন তিনি।
হিকসের দাবি, প্রায় সাড়ে পাঁচ বছর গুয়ানতানামো বে কারাগারে বন্দী ছিলেন তিনি। এ সময় তাঁকে মারধর ও যৌন নির্যাতন করা হয়েছে। তাঁকে মাদকদ্রব্য দেওয়া হয়েছে। তাঁর ওপর চালানো নির্যাতনের বিষয়টি অস্ট্রেলিয়ার তৎকালীন সরকার জানত।
অস্ট্রেলিয়ার তৎকালীন জন হাওয়ার্ড সরকারের সদস্য ছিলেন বর্তমান অ্যাটর্নি জেনারেল ব্র্যানডিস।
গতকাল সিডনিতে মানবাধিকারবিষয়ক ওই অনুষ্ঠানে ব্র্যানডিসের বক্তৃতার সময় চিৎকার করে ওঠেন হিকস। ব্র্যানডিসের উদ্দেশে তিনি বলেন, ‘আমার নাম ডেভিড হিকস। আমি সাড়ে পাঁচ বছর গুয়ানতানামো বেতে থাকাকালে আপনার দলের পুরোপুরি জ্ঞাতসারে নির্যাতনের শিকার হয়েছি। এ ব্যাপারে আপনার কী বলার আছে?’
হিকসের কথার জবাব না দিয়েই মঞ্চ ত্যাগ করেন ব্র্যানডিস। এ সময় তাঁকে ‘কাপুরুষ’ বলে ভর্ৎসনা করেন হিকস।