নৌকাডুবিতে নিখোঁজের মধ্যে আটজন বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবিয়ার উপকূলে অভিবাসন-প্রত্যাশীদের নিয়ে ডুবে যাওয়া নৌকা থেকে উদ্ধার করা মরদেহ। ছবি: রয়টার্স
লিবিয়ার উপকূলে অভিবাসন-প্রত্যাশীদের নিয়ে ডুবে যাওয়া নৌকা থেকে উদ্ধার করা মরদেহ। ছবি: রয়টার্স

লিবিয়া উপকূলের কাছে চার থেকে পাঁচশ অভিবাসন প্রত্যাশীকে নিয়ে ডুবে যাওয়া দুটি নৌকায় ৫৪ জন বাংলাদেশি ছিল। এর মধ্যে আটজন এখনো নিখোঁজ। তারা কেউ বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে।
লিবিয়ার বাংলাদেশ দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে।
নিখোঁজ আটজনের মধ্যে সাতজনের পরিচয় জানা গেছে। এরা হলেন, রমজান আলী (৫৮), সানোয়ারা খাতুন (৪২), সাত বছর বয়সী ইউসুফ, দুই বছর বয়সী রিমা আবদুল আজিম, আট মাস বয়সী রাইসা আবদুল আজিম, আবুল বাশার (৪৭) এবং তাঁর কন্যা।
লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর আশরাফুল ইসলাম শুক্রবার সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে জানান, ‘ডুবে যাওয়া দুটি নৌকায় চার থেকে পাঁচশ লোক ছিল। এর মধ্যে ৫৪ জন বাংলাদেশি ছিল বলে আমরা জানতে পেরেছি।’
কীভাবে এই সংখ্যা সম্পর্কে নিশ্চিত হলেন তা জানতে চাইলে আশরাফুল ইসলাম বলেন, ‘বেঁচে যাওয়া বাংলাদেশি মোহাম্মদ আলী ও মোহাম্মদ আজিমের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি চারটা পরিবারের ২২ জন সদস্য ছিলেন। এদের মধ্যে ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি সাতজন এখনো নিখোঁজ। এর মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। এ ছাড়া ৩২ জন বাংলাদেশি শ্রমিক ছিলেন। তাঁদের মধ্যে একজন নিখোঁজ। তবে এখনো আমরা তাঁর নাম জানতে পারিনি। আমরা আশঙ্কা করছি নিখোঁজ এই আটজন হয়তো বেঁচে নেই।’

আশরাফুল ইসলাম জানান, লাইফ জ্যাকেট পরে থাকার কারণে আট থেকে নয় ঘণ্টা ভেসে থাকার পরেও বেশিরভাগকেই জীবিত উদ্ধার করা গেছে।