পশ্চিম আফ্রিকার কয়েকটি দেশে দ্রুত ছড়িয়ে পড়া ইবোলা-উপদ্রুত এলাকার লোকজনকে আলাদা করতে সিয়েরা লিওন ও লাইবেরিয়ায় শত শত সেনা মোতায়েন করা হয়েছে। এই ভাইরাসে এরই মধ্যে ৮৮৭ জনের মৃত্যু হয়েছে। এ অবস্থায় সবচেয়ে বেশি আক্রান্ত সিয়েরা লিওন, লাইবেরিয়া ও গিনিকে অবিলম্বে ২৬ কোটি ডলার অর্থসহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে আফ্রিকান উন্নয়ন ব্যাংক ও বিশ্বব্যাংক। খবর রয়টার্সের।
সিয়েরা লিওনের সামরিক মুখপাত্র কর্নেল মাইকেল সামুরা জানান, ‘অক্টোপাস’ নামের এই সামরিক অভিযানে প্রায় ৭৫০ জন সেনা অংশ নিচ্ছেন। সেনাট্রাকের দীর্ঘ বহর সেনাদের নিয়ে গত সোমবার সিয়েরা লিওনের ইবোলা-উপদ্রুত এলাকাগুলোয় পৌঁছেছে। এতে স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মাইকেল সামুরা বলেন, সেন্যরা ইবোলা-উপদ্রুত এলাকায় গিয়ে আক্রান্ত ব্যক্তিদের শনাক্ত করে তাদের সরিয়ে আনার ব্যবস্থা করবেন।
এর আগে গত শুক্রবার গিনির রাজধানী কোনার্কিতে এক বৈঠকে গিনি, লাইবেরিয়া, সিয়েরা লিওন ও আইভরি কোস্টের প্রেসিডেন্টের সঙ্গে আলাপকালে ইবোলা পশ্চিম আফ্রিকায় দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান মার্গারেট চ্যান। ইবোলা ভাইরাসে সৃষ্ট এই রোগ মহামারি আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কার বিষয়টি মাথায় রেখে এর প্রতিকারে সংস্থাটি ১০ কোটি ডলার ব্যয়ের ঘোষণা দেয়। ডব্লিউএইচও বলছে, ইবোলায় কেবল গত দুই দিনেই মারা গেছে ৬১ জন।
গত ফেব্রুয়ারিতে গিনির বন থেকে এই রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। পরে তা পার্শ্ববর্তী লাইবেরিয়া ও সিয়েরা লিওনে ছড়িয়ে পড়ে। এই রোগে প্রথম মারা যান যুক্তরাষ্ট্রের নাগরিক প্যাট্রিক সোইয়ার। গত জুলাইয়ের শেষের দিকে তিনি লাইবেরিয়া থেকে নাইজেরিয়ায় যান। সেখানেই তাঁর মৃত্যু হয়।