পশ্চিম আফ্রিকায় জেঁকে বসেছে ইবোলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মারাত্মক ইবোলা ভাইরাস পশ্চিম আফ্রিকার সবচেয়ে ক্ষতিগ্রস্ত তিনটি দেশের রাজধানীতেই এখন ঘাঁটি গেড়ে বসেছে। এ ছাড়া উপদ্রুত প্রায় সব এলাকাতেই এর প্রকোপ বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এক হুঁশিয়ারিতে এ তথ্য জানিয়েছে। খবর বিবিসি ও এএফপির।
ডব্লিউএইচওর উপপ্রধান ব্রুস আইলওয়ার্ড গত বৃহস্পতিবার সতর্ক করে দিয়ে বলেন, মারাত্মকভাবে আক্রান্ত গিনি, লাইবেরিয়া ও সিয়েরালিওনে ইবোলা যেভাবে এগোচ্ছে সে মাত্রায় বিশ্ববাসীর সাড়া নেই। তিনি বলেন, এখনকার পরিস্থিতি ১২ দিন আগের চেয়েও খারাপ। ওই তিন দেশের রাজধানীতে ইবোলার সংক্রমণ শক্তপোক্ত হয়েছে। সংক্রমিত মানুষের ৭০ শতাংশই মৃত্যুমুখে পতিত হচ্ছে।
মূলত পশ্চিম আফ্রিকাসহ বিভিন্ন দেশে এরই মধ্যে ইবোলা সংক্রমণে মারা গেছে চার হাজারের বেশি মানুষ।
দাতব্য সংস্থা ‘ডক্টরস উইদাউট বর্ডারস’-এর প্রেসিডেন্ট জোয়ানা লিউ গতকাল এই সংক্রমণ ঠেকাতে জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। গতকাল তিনি বলেন, ‘আমরা এ লড়াইয়ে জয়ী হতে পারছি না।’
স্পেনে ইবোলায় আক্রান্ত আরও সাতজনকে হাসপাতালে বিচ্ছিন্ন রাখা হয়েছে। প্রধান বিমানবন্দরগুলোর পাঁচটিতে ইবোলা শনাক্তকরণের জোরালো কর্মসূচি চালু করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে প্রথম সংক্রমিত ইবোলা রোগীর সম্প্রতি মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার শীর্ষস্থানীয় মার্কিন চিকিৎসা কর্মকর্তা টমাস ফ্রাইডেন বলেন, পশ্চিম আফ্রিকায় ইবোলার বিস্তৃতি সম্ভবত এইচআইভি/এইডস সংক্রমণ শুরুর পর থেকে সবচেয়ে ভয়াবহ রোগ সংক্রমণের ঘটনা।