লাইবেরিয়ায় কয়েক মাসে হাজারো মৃত্যু হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফ্রিকার লাইবেরিয়ায় ইবোলা ভাইরাসের বিস্তার মোকাবিলায় তৎপরতা দ্রুত ও নাটকীয়ভাবে জোরদার না করা হলে কয়েক মাসে হাজার হাজার লোকের মৃত্যু হতে পারে। গতকাল শুক্রবার প্রকাশিত এক সমীক্ষার ফলে এ সতর্কতা উচ্চারণ করা হয়েছে।
পশ্চিম আফ্রিকার আরেকটি দেশ মালিতে প্রথমবারের মতো ইবোলা রোগীর সন্ধান পাওয়া গেছে। এদিকে ২০১৫ সালের শেষ নাগাদ বেশ কয়েক লাখ পরীক্ষামূলক টিকা তৈরি করা সম্ভব হবে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা করেছে। খবর বিবিসি ও এএফপির।
ল্যানসেট ইনফেকশস ডিজিজেজ জার্নাল-এ প্রকাশিত সমীক্ষায় গতকাল বলা হয়েছে, দ্রুত তৎপরতা জোরদার না করলে ডিসেম্বরের মাঝামাঝি নাগাদ লাইবেরিয়ায় ইবোলায় ৯০ হাজার মানুষ মারা যাবে এবং এক লাখ ৭১ হাজার সংক্রমিত হবে।
পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, পশ্চিম আফ্রিকার প্রধান ইবোলা আক্রান্ত দেশগুলোর স্বাস্থ্যকর্মীদের কাছে এ বছরের ডিসেম্বরের মধ্যেই পরীক্ষামূলক টিকা পৌঁছে দেওয়া সম্ভব হতে পারে।
এদিকে পশ্চিম আফ্রিকার ষষ্ঠ দেশ হিসেবে মালিতে প্রথমবারের মতো ইবোলা রোগীর সন্ধান পাওয়া গেছে। সম্প্রতি প্রতিবেশী দেশ গিনি থেকে আসা দুই বছরের একটি মেয়েশিশুর স্বাস্থ্য পরীক্ষা করে মারাত্মক এ রোগের ভাইরাস শনাক্ত করা হয়েছে।
মালির স্বাস্থ্য মন্ত্রণালয় গত বৃহস্পতিবার জানায়, সে দেশে প্রথমবারের মতো এক শিশুর শরীরে ইবোলা ভাইরাস শনাক্ত করা হয়েছে। গত বুধবার পশ্চিমাঞ্চলের কায়েস শহরের একটি হাসপাতালে ওই শিশুর স্বাস্থ্য পরীক্ষার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। এরপর ওই শিশু এবং তার সংস্পর্শে আসা অন্যদের আলাদা করে রাখা হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের টেক্সাসে লাইবেরিৎয়ার একজনের চিকিৎসা করতে গিয়ে ইবোলায় আক্রান্ত দুজন আমেরিকান নার্সের একজন নিনা পেম সম্পূর্ণ সুস্থ হয়েছেন।