পশ্চিম আফ্রিকায় গণতন্ত্রের সুবাতাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম আফ্রিকার রাজনীতিতে পরিবর্তন আসছে। সেখানে বইতে শুরু করেছে গণতন্ত্রের সুবাতাস। যদি কেউ এই দাবির পক্ষে প্রমাণ চান, তাহলে চোখ বন্ধ করে গাম্বিয়ার অতি সাম্প্রতিক রাজনৈতিক দৃশ্যপট স্মরণ করা যেতে পারে।
নির্বাচনে পরাজয়ের পরও জোর করে ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে চেয়েছিলেন ২২ বছর ধরে গাম্বিয়া শাসন করা ইয়াহিয়া জামেহ। পশ্চিম আফ্রিকার রাজনীতিতে যে গণতন্ত্র শিকড় গেড়ে বসছে, তা বুঝতে পারেননি জামেহ। পরিণতিতে দেশ ছেড়ে ভিন দেশে নির্বাসন নিতে হলো তাঁকে।
জামেহ হয়তো স্বীকার করতে চাইবেন না; কিন্তু বাস্তবতা হচ্ছে, পশ্চিম আফ্রিকার আঞ্চলিক সংগঠন ইকোয়াস ছিল তাঁর প্রস্থানের মূল নিয়ামক। জামেহ গত ডিসেম্বরের নির্বাচনে হেরেও যখন ক্ষমতা ছাড়তে চাচ্ছিলেন না, তখন আঞ্চলিক নেতারা তাঁর সঙ্গে আলোচনায় বসেন। কিন্তু তিনি অনড় ছিলেন। তখন ইকোয়াসের নেতারা কঠোর ভাষা প্রয়োগ করলেন। ইয়াহিয়া জামেহকে ক্ষমতা ছাড়ার জন্য সময়সীমা বেঁধে দিলেন তাঁরা। জামেহর পক্ষে সমর্থন ছিল না সেনাবাহিনীরও। অন্যদিকে আফ্রিকার জোটের সেনারা জাম্বিয়ায় ঢুকে পড়ে তাঁর ওপর হামলা করতে প্রস্তুত ছিল। তখনই ক্ষমতা ও দেশ উভয়ই ছাড়লেন জামেহ।
একটা সময় আফ্রিকার অধিকাংশ দেশে ছিল একনায়কতন্ত্র। দেশগুলোর নেতারা নিজেদের মধ্যে একধরনের অভিজাত ক্লাব তৈরি করেছিলেন। তাদের মধ্যে একটি অঘোষিত নিয়ম ছিল, কোনো নেতা কখনোই অন্য কারও সমালোচনা করবেন না। ওই নেতা নিজ দেশের জনগণের সঙ্গে যা-ই করুন না কেন, তা এড়িয়ে যেতে হবে। দীর্ঘদিন ধরে এ অঞ্চলের নেতাদের প্রায় সবাই ছিলেন পুরুষ। তাঁরা একে অপরকে সম্বোধন করতেন ‘আমার প্রেসিডেন্ট ভাই’ বলে। কে কীভাবে ক্ষমতায় এসেছেন, তা বিবেচ্য বিষয় ছিল না। যে মুহূর্তে কোনো নেতা ক্ষমতায় বসলেন, সেই মুহূর্ত থেকেই তিনি ‘ভাই’। তাঁর সমালোচনা করা যাবে না। তিনিও অন্যের সমালোচনা করবেন না।
গত শতকের সত্তর, আশি ও নব্বইয়ের দশকে পশ্চিম আফ্রিকার রাজনৈতিক পরিস্থিতি ছিল খুবই অস্থিতিশীল। তখন একমাত্র সেনেগালই সামরিক শাসনমুক্ত ছিল। নেতারা জোর করে ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে চাইতেন। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের কোনো বালাই ছিল না।
২০০০ সালে সেনেগালে প্রথম পরিস্থিতির পরিবর্তন শুরু হয়। তখনকার বিরোধীদলীয় নেতা আবদুল্লায়ে ওয়াদ গণতান্ত্রিকভাবে ক্ষমতায় এসেছিলেন। তবে একসময় তাঁর মাথায়ও একনায়কতন্ত্রের ভূত চেপে বসে। জোর করে ক্ষমতা আঁকড়ে থাকতে চান তিনি। অবশেষে ২০১২ সালের নির্বাচনে তিনি পর্যুদস্ত হন।
সবচেয়ে বড় পরিবর্তনটি হয়েছে নাইজেরিয়ায়। সেখানে ২০১৫ সালে প্রেসিডেন্ট গুডলাক জোনাথনকে হটিয়ে ক্ষমতায় আসেন বিরোধী নেতা মুহাম্মাদু বুহারি। ১৬ বছর ধরে ক্ষমতায় ছিলেন জোনাথন। তবে সবচেয়ে অবাক করা ব্যাপার ছিল, পরাজয় মেনে নিয়ে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেন তিনি।
ঘানায়ও নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হচ্ছে। দেশটিতে ২০০০, ২০০৮ ও ২০১৬ সালের নির্বাচনে তৎকালীন ক্ষমতাসীনেরা হেরে যান। সুতরাং পরাজয় মেনে নেওয়া এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর বর্তমানে পশ্চিম আফ্রিকার রাজনৈতিক সংস্কৃতির অংশ হয়ে উঠছে। এটা নিঃসন্দেহে ইতিবাচক পরিবর্তন।