পাঁচ দিন ধরে গভীর কূপে আটকা শিশু
কূপের গভীরতা ১০৪ ফুট। সেটিতেই চার দিন আগে পড়ে যায় পাঁচ বছর বয়সী শিশু রায়ান। এর পর থেকে সেখানে আটকা পড়ে আছে। তাকে সেখান থেকে তুলে আনতে চেষ্টার কমতি রাখছেন না উদ্ধারকারীরা। দিন-রাত পরিশ্রম শেষে শিশুটির কাছাকাছি পৌঁছেছেন তাঁরা। ঘটনাটি ঘটেছে উত্তর আফ্রিকার দেশ মরক্কোর তামোরত শহরে।
সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, রায়ানের বাবা ওই কূপ মেরামতের কাজ করছিলেন। এ সময় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি যখনই তার (রায়ান) ওপর থেকে নজর সরালাম, তখনই কূপের ভেতরে পড়ে যায় সে। এরপর থেকে আমি দুই চোখের পাতা এক করতে পারিনি।’ এ ঘটনার পর গণমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েন রায়ানের মা। তাঁর আশা, ছেলেকে জীবিত অবস্থায় কোলে ফিরে পাবেন তিনি।
রায়ান কূপে পড়ে যাওয়ার পর মঙ্গলবার সন্ধ্যা থেকেই উদ্ধার তত্পরতা চলছে। তবে বেশ বাধার মুখে পড়ছেন উদ্ধারকারীরা। কূপের মুখ দিয়ে প্রবেশ করে শিশুটার কাছে পৌঁছানোর উপায় নেই। কারণ, মাটিতে পাথর ও বালুর সংমিশ্রণ। এর ফলে কূপের সংকীর্ণ মুখে খোঁড়াখুঁড়ি বিপজ্জনক হতে পারে। যেকোনো সময় ধসের জেরে ঘটে যেতে পারে বড় ধরনের বিপত্তি।
এমন কোনো পরিস্থিতি এড়াতে ভিন্ন কৌশলে শিশুটিকে উদ্ধারের পথ বেছে নেওয়া হয়েছে। কূপটির কাছে বুলডোজার দিয়ে খোঁড়া হয়েছে নালা। সেটি ব্যবহার করে আড়াআড়িভাবে শিশুটির কাছে পৌঁছানোর চেষ্টা চলছে। গতকাল শনিবার স্থানীয় কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, শিশুটির থেকে আর মাত্র ১ দশমিক ৮ মিটার দূরে রয়েছেন উদ্ধারকারীরা।
এর আগে গতকাল শুক্রবার আবদুস সালাম মাকউদি নামের উদ্ধারকারী দলের এক নেতা জানান, ‘আমরা প্রায় কাছাকাছি পৌঁছেছি। তিন দিন ধরে একটানা কাজ করে যাচ্ছি। আমাদের মধ্যে ক্লান্তি দেখা দিলেও তৎপরতায় কমতি নেই। উদ্ধারকারী পুরো দল রাত-দিন কাজ চালিয়ে যাচ্ছে।’
শিশু রায়ানের পরিস্থিতি জানতে গত বৃহস্পতিবার কূপের ভেতরে ক্যামেরা পাঠান উদ্ধারকারীরা। সে সময় তাঁর সংজ্ঞা ছিল। তবে ক্যামেরায় শিশুটির মাথায় ছোট কিছু আঘাত দেখা যায়। এরপর কূপের ভেতরে অক্সিজেন মাস্ক পাঠানো হয়। ব্যবস্থা করা হয় খাবার ও পানি সরবরাহের। রায়ানের চিকিত্সায় ঘটনাস্থলে রয়েছে চিকিত্সকদের একটি দল। উদ্ধারকাজ শেষ হওয়ার পরপরই তাকে হাসপাতালে নিতে মোতায়েন রয়েছে একটি হেলিকপ্টারও।
এদিকে শিশুটিকে উদ্ধারের এ কর্মকাণ্ড মরক্কো জুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। ঘটনাস্থলে জড়ো হয়েছেন হাজারো মানুষ। তাঁদের মধ্যে অনেককেই উদ্ধারকারীদের উত্সাহ দিতে দেখা গেছে।