পাঁচ বছরে তানজানিয়ায় হাতি কমেছে ৬০ শতাংশ!

পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় হাতির সংখ্যা মাত্র পাঁচ বছরে ৬০ শতাংশ কমে গেছে। দেশটির এক সরকারি জরিপে এ তথ্য পাওয়া গেছে। দাঁতের জন্য নির্বিচারে শিকার প্রাণীটির সংখ্যা কমে আসার প্রধান কারণ। খবর গার্ডিয়ানের।
আফ্রিকার দেশগুলোর মধ্যে একসময় তানজানিয়াতেই সবচেয়ে বেশি হাতি ছিল। সরকারের দেওয়া সর্বশেষ পরিসংখ্যানে বলা হচ্ছে, দেশটিতে ২০০৯ সালে হাতির সংখ্যা ছিল ১ লাখ ৯ হাজার ৫১। এ সংখ্যা ২০১৪ সালে কমে দাঁড়ায় মাত্র ৪৩ হাজার ৩৩০-এ। সরকার এ অবস্থাকে একটি বিপর্যয়ের সঙ্গে তুলনা করেছে।
পরিসংখ্যান তুলে ধরে তানজানিয়ার প্রাকৃতিক সম্পদ ও পর্যটনমন্ত্রী লাজারো নাইয়ালানদু বলেন, এটা স্পষ্ট যে তানজানিয়ার হাতির সংখ্যা অস্বাভাবিক হারে কমে গেছে। এর সম্ভাব্য কারণ দাঁতের জন্য ব্যাপক হারে শিকার।
বিপন্ন প্রজাতির বন্য প্রাণীর বাণিজ্য বিষয়ে জাতিসংঘের সংস্থা সাইটসের মহাসচিব জন স্ক্যানলন বলেন, দাঁতের জন্য হাতি শিকারের ফলে বিপুল সংখ্যায় হাতি কমে যাওয়া এক বিরাট উদ্বেগের বিষয়।
বন্য প্রাণীর অবৈধ ব্যবসা পর্যবেক্ষণকারী সংগঠন ট্র্যাফিকের হিসাব অনুযায়ী, ২০০৯ সাল থেকে তানজানিয়া থেকে হাতির ৪৫ টন দাঁত আন্তর্জাতিক কালোবাজারে পাচার হয়েছে। এসব পাচার হয়েছে রুআহা রুঙ্গাওয়া, মালাগারাসি মুয়োভসি ও সেলোস-মিকুমি বনাঞ্চল থেকে। এসব এলাকা থেকে দুই-তৃতীয়াংশ হাতি শিকার করা হয়েছে। রুআহা রুঙ্গাওয়া সংরক্ষিত বনাঞ্চলে ২০০৯ সালে হাতির সংখ্যা ছিল ৩৪ হাজার। ২০১৪ সালে এর সংখ্যা দাঁড়ায় ৮ হাজার।