
পার্লামেন্টে বিরোধীদের অনাস্থা প্রস্তাব এবং ঘুষ কেলেঙ্কারির মামলা পুনর্বহালের উদ্যোগে বড় ধরনের চাপে পড়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা। এক বছরের কম সময়ের মধ্যে গতকাল মঙ্গলবার পার্লামেন্টে তাঁর বিরুদ্ধে দ্বিতীয়বার অভিশংসনের প্রস্তাব আনে বিরোধী দল। একই দিন উচ্চ আদালতে তাঁর বিরুদ্ধে ৭৩৮টি দুর্নীতির মামলা পুনর্বহালের শুনানি হওয়ার কথা। ২০০৯ সালে মামলাগুলো থেকে কৌঁসুলিরা জুমার নাম বাদ দিয়েছিলেন। খবর এএফপির।
বিরোধী দল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (ডিএ) জুমার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে। তবে পার্লামেন্টে জুমার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) সংখ্যাগরিষ্ঠাতার জোরে শেষ পর্যন্ত টিকে গেছেন তিনি। অনাস্থা প্রস্তাবের বিপক্ষে ভোট দেন ২২৫ আইনপ্রণেতা আর পক্ষে পড়ে ৯৯টি ভোট।
ডিএ পার্টির প্রধান মুসি মাইমানে বলেছেন, জ্যাকব জুমার কারণে দক্ষিণ আফ্রিকার অর্থনীতি চরম সংকটের মুখে পড়েছে। তাঁরা মনে করেন, জুমা ক্ষমতায় থাকলে দেশের অবস্থা আরও খারাপের দিকে যাবে। এ কারণে ডিএ তাঁর পদত্যাগ চায়। মাইমানে দাবি করেন, ক্ষমতাসীন দলের অধিকাংশ পার্লামেন্ট সদস্য জুমাকে সরিয়ে দেওয়ার পক্ষে। কিন্তু ভয়ে তাঁরা পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দিতে পারবেন না। এ কারণে তাঁর দল এই প্রস্তাবের বিষয়ে গোপন ব্যালটে ভোট দাবি করছে।
ডিএর চিফ হুইপ জন স্টিনহুইজেন বলেছেন, জুমার বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য এএনসির আইনপ্রণেতাদের কাছে ১০ লাখের বেশি অনলাইন চিঠি এসেছে। তবে এএনসি বলেছে, বিরোধী দলের এই দাবি মেনে গোপন ভোট দেওয়া হবে না।
প্রেসিডেন্ট জুমা কয়েক শ কোটি ডলারের একটি অস্ত্র চুক্তি থেকে মোটা অঙ্কের ঘুষ নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। জুমার বিরুদ্ধে আরেকটি বড় অভিযোগ, তিনি সরকারি কোষাগারের অর্থ নিয়ে নিজের গ্রামের বাড়িতে অট্টালিকা, সুইমিং পুল, মুরগি ও গরুর খামার করেছেন। তবে বরাবরই জুমা এই অভিযোগ অস্বীকার করে আসছেন।
পাশাপাশি ২০০৯ সালে জুমার খারিজ হয়ে যাওয়া মামলা পুনরায় চালু করার আবেদন করা হয়েছে ডিএর পক্ষ থেকে। গতকালই এ বিষয়ে প্রিটোরিয়া হাইকোর্টে শুনানি হওয়ার কথা।
তবে গতকাল প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, স্রেফ রাজনৈতিক উদ্দেশেই বিরোধীরা জ্যাকব জুমার মামলা পুনর্বহাল করার আবেদন জানিয়েছে। প্রেসিডেন্ট এই মামলা মোকাবিলা করবেন বলে বিবৃতিতে জানানো হয়। এতে বিরোধীদের এই অনাস্থা প্রস্তাবকে ‘খেলো চমক’ বলে আখ্যায়িত করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, ডিএ দলটির বিরুদ্ধে বর্ণবাদী আচরণের যে অভিযোগ উঠেছে, তা থেকে জনগণের মনোযোগ সরানোর জন্যই এই অনাস্থা প্রস্তাব তোলা হচ্ছে।
বিশ্লেষকেরা বলেছেন, অনাস্থা ভোটে জুমা উতরে গেলেও তাঁর প্রেসিডেন্ট পদে থেকে যাওয়া আগামী নির্বাচনে এএনসিকে বড় ধরনের বিপদে ফেলতে পারে। উইটওয়াটারস্ট্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুসান বুয়েসেন বলেছেন, ২০১৯ সালের আগে জুমাকে হয়তো ক্ষমতা থেকে সরানো যাবে না। কিন্তু বিরোধী দল যদি আন্দোলন চালিয়ে যায় এবং দেশের অর্থনীতি যদি মোড় নিতে না পারে তাহলে এএনসিকে আগামী নির্বাচনে বড় ধরনের মূল্য দিতে হতে পারে।