পার্লামেন্টে হেনস্তা মুগাবে!

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে পার্লামেন্টে হেনস্তার শিকার হয়েছেন। গত মঙ্গলবার পার্লামেন্টে ভাষণ প্রদানকালে বিরোধী দলের আইনপ্রণেতাদের নানা প্রশ্নে জর্জরিত এবং টিটকারির শিকার হন তিনি। খবর এএফপির।
পার্লামেন্টে জিম্বাবুয়ের অর্থনৈতিক পুনরুদ্ধারে ১০ দফা পরিকল্পনা তুলে বক্তব্য দিচ্ছিলেন রবার্ট মুগাবে। এর আওতায় কৃষিতে প্রবৃদ্ধি বাড়ানো, বেসরকারি খাতে বিনিয়োগে উৎসাহ প্রদানসহ অন্যান্য পরিকল্পনা নেওয়া হয়। তাঁর বক্তব্যের একপর্যায়ে এর বেশির ভাগই মুগাবে করতে পারবেন না বলে চেঁচিয়ে ওঠেন বিরোধী দল মুভমেন্ট ফর ডেমোক্রেটিক চেঞ্জের (এমডিসি) এক আইনপ্রণেতা। ওই আইনপ্রণেতা বলেন, ‘আপনি এর বেশির ভাগই করতে পারবেন না।’ তা স্বীকার করতেও প্রেসিডেন্টকে জোর করেন তিনি। অন্যজন তোলেন মুগাবে সরকারের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ। এ সময় আরেক দিক থেকে প্রশ্ন আসে, ‘নতুন চাকরির ক্ষেত্র তৈরিরই বা কী হলো?’
ধীর প্রবৃদ্ধি নিয়ে দক্ষিণ আফ্রিকার এই দেশটির অর্থনীতি এক দশকের বেশি সময় ধরে নিম্নমুখী। বেকারত্বের উচ্চহারের পাশাপাশি দেশটির ব্যাংকে তারল্য সংকটও বেশ। ১৯৮০ সালে ব্রিটেন থেকে স্বাধীনতা লাভের পর থেকেই জিম্বাবুয়ের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় রয়েছেন ৯১ বছর বয়সী রবার্ট মুগাবে।