পালানো বন্দীদের মধ্যে ৪৪৬ জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ৫ এপ্রিল ইমো রাজ্যের এই কারাগারে হামলা চালিয়ে ১ হাজার ৮০০ বেশি বন্দীকে ছাড়িয়ে নেওয়া হয়
ফাইল ছবি: রয়টার্স

নাইজেরিয়ার একটি কারাগারে হামলা চালিয়ে ছাড়িয়ে নিয়ে যাওয়া বন্দীদের মধ্যে ৪৪৬ জনকে আবারও আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। আজ সোমবার দেশটির কৃর্তপক্ষ এ তথ্য জানায়।

স্থানীয় সময় গত শুক্রবার রাতে দেশটির ওয়ো রাজ্যের আবোলোঙ্গো কারাগারে হামলা চালিয়ে ৮০০ জনেরও বেশি বন্দীকে ছাড়িয়ে নিয়ে যায় বন্দুকধারীরা। এ বছর আফ্রিকার এ দেশটিতে এটি তৃতীয়বারের মতো কারাগারে বড় ধরনের হামলার ঘটনা।

নাইজেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী রউফ আরেগবেসোলা ওই কারাগার পরিদর্শন শেষে বলেন, গতকাল রোববার ৪৪৬ জনকে পুনরায় ধরা হয়েছে। এখনো ৩৯২ জন বাইরে। তিনি বলেন, ‘এই হামলা অযৌক্তিক।’ যারা কারাগারে হামলা চালিয়েছে শুধু তাদেরই নয়, যারা কারাগার থেকে পালিয়েছে, তাদেরও ধরবে সরকার।

আজ সোমবার কারা কর্তৃপক্ষের মুখপাত্র ওলানরেওয়াজু আনজুরিন এএফপিকে বলেন, কারাগার থেকে ৮৩৭ জন পালিয়েছে।

ঘটনার পরদিন গত শনিবার এক বিবৃতি দেয় কারা কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়, হামলাকারীদের কাছে ভারী অস্ত্র ছিল। তাদের সঙ্গে কারাগারের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ গুলি বিনিময় হয়। একপর্যায়ে ডিনামাইট বিস্ফোরণ ঘটিয়ে কারাগারের নিরাপত্তা দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা।

পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে ৫৭৫ জন বিচারের অপেক্ষায় ছিলেন। পালিয়ে যাওয়াদের মধ্যে ২৬২ জনকে পুনরায় আটক করা হয়েছে। সংঘর্ষের পর কারাগারে থাকা বাকি ৬৪ জন বন্দী পালাতে পারেননি।

নাইজেরিয়ায় কারাগারে হামলা চালিয়ে বন্দীদের ছাড়িয়ে নিয়ে যাওয়ার ঘটনা অস্বাভাবিক বিষয় নয়। গত ১৩ সেপ্টেম্বর দেশটির মধ্যাঞ্চলে কোগি রাজ্য এলাকায় একটি কারাগারে হামলা চালিয়ে প্রায় ২৪০ জন বন্দীকে জোর করে ছাড়িয়ে নিয়ে যাওয়া হয়। গত ৫ এপ্রিল ইমো রাজ্যে কারাগারে হামলা চালিয়ে ১ হাজার ৮০০ বেশি বন্দীকে ছাড়িয়ে নেওয়া হয়। দেশটির জঙ্গি সংগঠন বোকোহারাম প্রায়ই বন্দীদের ছাড়িয়ে নিতে কারাগারে হামলা চালিয়ে থাকে।

২১ কোটি বাসিন্দার এ দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি ক্রমবর্ধমান এ নিরাপত্তাহীনতা সামাল দেওয়া নিয়ে বেশ চাপে আছেন। সাবেক এই সামরিক শাসক ২০১৫ সালে তৎকালীন প্রেসিডেন্ট গুডলাক জনাথনকে হারিয়ে ক্ষমতায় আসেন।