পিপাসায় প্রাণ গেল ৪৪ জনের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজারের উত্তরাঞ্চলে সাহারা মরুভূমিতে পানির অভাবে ৪৪ জনের মৃত্যু হয়েছে। ওই ব্যক্তিদের বহনকারী গাড়ি বিকল হয়ে পড়ার পর পিপাসায় তাঁরা মারা যান। বেঁচে যাওয়া ব্যক্তিদের বরাত দিয়ে রেডক্রস বিবিসিকে এ কথা জানিয়েছে।

রেডক্রসের কর্মকর্তা লাওয়াল তাহের বলেন, এ ঘটনায় ছয়জন বেঁচে যান। তাঁরা সবাই নারী। তাঁরা হেঁটে দূরবর্তী একটি গ্রামে পৌঁছাতে সক্ষম হন। নাইজারের ডার্কু শহরে তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

নাইজেরিয়ার একটি সংবাদমাধ্যমে বলা হয়েছে, ঘানা ও নাইজেরিয়ার নাগরিকেরা সাহারা মরুভূমি দিয়ে লিবিয়ায় যাওয়ার চেষ্টা করেছিলেন। পথে মরুভূমির মধ্যে তাঁদের বহনকারী গাড়ি বিকল হয়ে যায়। একপর্যায়ে পিপাসায় শিশুসহ ৪৪ জন মারা যান।

নাইজার থেকে লিবিয়া যাওয়ার এই পথটি অভিবাসনপ্রত্যাশীদের উত্তর আফ্রিকায় প্রবেশের প্রধান পথ। উত্তর আফ্রিকায় পৌঁছার পর অভিবাসনপ্রত্যাশীরা সেখান থেকে ভূমধ্যসাগর পার হয়ে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করে থাকে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাহারা পার হওয়াটা অভিবাসনপ্রত্যাশীদের এই ভ্রমণের সবচেয়ে বিপজ্জনক অংশ। অভিবাসনপ্রত্যাশীদের গাদাগাদি করে গাড়িতে তোলা হয়। অবশিষ্ট সামান্য জায়গায় অল্প কয়েক লিটার পানি রাখা হয়।

নাইজার কর্তৃপক্ষ রয়টার্সকে বলেছে, বিস্তৃত সাহারা মরুভূমিতে ঠিক কতজন মারা গেছেন তা জানা প্রায় অসম্ভব। গত জুনে নাইজারের আলজেরিয়া সীমান্তবর্তী এলাকায় ২০ শিশুসহ ৩৪ জন অভিবাসনপ্রত্যাশীর মৃতদেহ পাওয়া যায়। সরকারের এক মন্ত্রী তখন বলেছিলেন, পাচারকারীরা অভিবাসনপ্রত্যাশীদের ফেলে রেখে চলে যাওয়ার পর পিপাসায় তাঁদের মৃত্যু হয়।