দক্ষিণ আফ্রিকার মারিকানা প্ল্যাটিনাম খনিতে ধর্মঘটী শ্রমিকদের ওপর গুলিবর্ষণের ঘটনায় পুলিশকে দোষারোপ করেছে এ বিষয়ে গঠিত তদন্ত কমিশন। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ধর্মঘট ভাঙার জন্য পুলিশের পরিকল্পনা ছিল ত্রুটিপূর্ণ। ২০১২ সালের আগস্টের ওই ঘটনায় পুলিশের গুলিতে ৩৪ জন শ্রমিক নিহত হন। প্রেসিডেন্ট জ্যাকব জুমা গতকাল বৃহস্পতিবার বলেন, কমিশন মনে করে, পুলিশ ধর্মঘট মোকাবিলায় তাদের পরিকল্পনামতো কাজ করে ভুল করেছিল। প্রতিবেদন তুলে ধরে জুমা বলেন, পুলিশ প্রথমে কাঁটাতারে ঘিরে ফেলে নিরস্ত্র করার পর শ্রমিকদের বের করে দিতে চেয়েছিল। তবে পরে তাদের সংখ্যা বেড়ে যাওয়ায় একটি কৌশলগত পদক্ষেপ নেয়, যার কারণে ওই মৃত্যুর ঘটনা ঘটে। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার পুলিশ বরাবরই দাবি করে আসছে, তারা আত্মরক্ষায় গুলি করেছিল। বর্ণবাদী শাসন অবসানের পর থেকে দেশটিতে এটাই সবচেয়ে বড় রক্তক্ষয়ী ঘটনা।
বিবিসি