প্যারিস চুক্তি বাস্তবায়নের রূপরেখায় ধীরগতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে জাতিসংঘের কোনো সম্মেলনে দেওয়া শেষ বক্তব্যে জন কেরি রীতিমতো আরজির সুরে বলে গেলেন, ‘যুক্তরাষ্ট্র যেন জলবায়ু নিয়ে উল্টো পথে না যায়।’ এই কথা যতটা না বিশ্ববাসীর প্রতি তার চেয়ে বেশি নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাওয়া ডোনাল্ড ট্রাম্পের প্রতি। এ কথা কেরির বক্তৃতায় সরাসরি না বলা হলেও তিনি কার উদ্দেশে এসব কথা বলেছেন, তা মারাক্কেশ জলবায়ু সম্মেলনের প্রায় সবাই বুঝে গেছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের দীর্ঘ ছায়ায় এবারের ২২তম বিশ্ব জলবায়ু সম্মেলনের গতি তো কমেছেই, একই সঙ্গে প্যারিস চুক্তির মধ্য দিয়ে যে আশাবাদ তৈরি হয়েছিল, তাতে অনিশ্চয়তা বাসা বেঁধেছে। সম্মেলন শেষ হওয়ার আর এক দিন বাকি। ১১টি বিষয়ের ওপর গত ১১ দিনে যেসব আলোচনা হয়েছে, তার কোনোটিতেই আশাতীত অগ্রগতি হয়নি। বরং বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে হতাশাই বেশি ছড়িয়েছে।

এই পরিস্থিতিতে আয়োজক দেশ মরক্কো মুখরক্ষার অংশ হিসেবে এই সম্মেলনের একটি সফলতার আবহ তৈরি করতে চাইছে। মারাক্কেশ ঘোষণা নামে একটি রাজনৈতিক অঙ্গীকারের মধ্য দিয়ে সম্মেলন শেষ করার দিকেই এগোচ্ছে সবকিছু। ওই ঘোষণায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় রাষ্ট্রগুলো একমত হয়েছে, সবাই মিলে কার্বন নিঃসরণের চেষ্টা করবে, অভিযোজনের জন্য অর্থায়নের ব্যাপারে সবাই চেষ্টা করবে—এসব কিছু ওই ঘোষণায় আসতে পারে বলে বেশ কয়েকটি দেশের প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে জানা গেছে।

গতকাল বৃহস্পতিবার এ ব্যাপারে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা আমাদের বক্তব্যগুলো এই সম্মেলনে যথাযথভাবে তুলে ধরেছি। অভিযোজন খাতে অর্থায়নে নিশ্চয়তা পেয়েছি। তবে এ ধরনের সম্মেলনে বিশ্বরাজনীতির পরিবর্তিত পরিস্থিতির কোনো ছায়া রেখাপাত করবে না, এটা আমরা আশা করতে পারি না। তবে আমাদের আলোচনা চালিয়ে যেতে হবে। কেননা, এটা বিশ্ববাসীর সবার সমস্যা।’

এদিকে মারাক্কেশ সম্মেলনে প্যারিস চুক্তির বাস্তবায়নের রূপরেখা প্রণয়নে ধীরগতির সমালোচনা করেছে বিশ্বের বেশির ভাগ জলবায়ু-বিষয়ক নাগরিক সংগঠন। ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক, ক্লাইমেট জাস্টিস, ফ্রেন্ডস অব দ্য আর্থ, গ্রিনপিসসহ বেশির ভাগ পরিবেশবাদী সংগঠন সম্মেলনের অগ্রগতি নিয়ে হতাশা জানিয়েছে। বাংলাদেশ থেকে এই সম্মেলনে যাওয়া পরিবেশবাদীদের মধ্যেও দেখা গেছে হতাশা। তবে সবাই আশা করছে, এই সম্মেলনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ওপর একধরনের চাপ তৈরি হবে, যাতে তারা প্যারিস চুক্তি থেকে সরে না যায়।

গতকাল সম্মেলনে জলবায়ু প্রযুক্তি খাতে বিশ্বের আটটি শিল্পোন্নত দেশ থেকে ২ কোটি ৩০ লাখ ডলার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। মূলত স্বল্পোন্নত দেশগুলোকে এই তহবিল থেকে প্রযুক্তি সহায়তা দেওয়া হবে। জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বিশ্বব্যাংক কৃষি খাতে তাদের বিনিয়োগ দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে।

সবুজ জলবায়ু তহবিলের ব্যবস্থাপনা নিয়েও সম্মেলনে তেমন কোনো অগ্রগতি হয়নি। মেক্সিকোর কানকুন ও দক্ষিণ আফ্রিকার ডারবান সম্মেলনে শিল্পোন্নত দেশগুলোর পক্ষ থেকে মেনে নেওয়া হয়েছিল, সবুজ এই তহবিলের অর্থ হবে নিঃশর্ত সহায়তা। কিন্তু গতকাল পর্যন্ত তহবিল কর্তৃপক্ষ থেকে ঋণ, বিনিয়োগ ও সহায়তার মিশ্রণ হিসেবে এই তহবিল পরিচালনার ঘোষণা দেওয়া হয়েছে। বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের পক্ষ থেকে এই তহবিল থেকে সরকারি সংস্থার মাধ্যমে সরাসরি অর্থ দেওয়ার নিয়ম যোগ করার আহ্বান জানানো হয়েছে। কিন্তু সেটা এখন পর্যন্ত মেনে নেওয়া হয়নি।

এ ব্যাপারে জানতে চাইলে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব কামালউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘সরাসরি অর্থ পাওয়া নিশ্চিত করতে আমরা তহবিলের শর্ত অনুযায়ী আমাদের আর্থিক ও হিসাবরক্ষণ ব্যবস্থাপনাকে আন্তর্জাতিক মানে উত্তীর্ণ করছি। ফলে এখন ওই তহবিল থেকে অর্থ পেতে আর কোনো সমস্যা নেই।’

গতকাল দিনভর সম্মেলনের উচ্চপর্যায়ের আলোচনা হয়েছে। সেখানে সবগুলো রাষ্ট্র থেকে মারাক্কেশ থেকে প্যারিস চুক্তির রূপরেখা তৈরি নিয়ে অগ্রগতির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।