প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবিয়ার ত্রিপোলিতে ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের সফরের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। দুই সপ্তাহ আগে জাতিসংঘ-সমর্থিত সরকার প্রতিষ্ঠার পর থেকে গত শনিবারের এ ঘটনাই প্রথম সংঘাত। রাজধানীর উত্তরের অভিজাত হে আল-আন্দালুস এলাকায় প্রায় আধা ঘণ্টা গুলিবিনিময় ও ছোট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ ব্যাপারে সরকারের তরফে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানা যায়নি। লিবিয়ার গভীর রাজনৈতিক বিভেদ নিরসনের চেষ্টায় সদ্য প্রতিষ্ঠিত ঐকমত্যের সরকারের প্রতি সমর্থন জানাতে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-মার্ক অ্যারো ও জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টাইনমেয়ার সফরে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ওই সংঘর্ষ হয়। এত দিন ত্রিপোলির নিয়ন্ত্রণে থাকা ইসলামপন্থী ও তাদের মিত্র গোষ্ঠীগুলো পাশ্চাত্য-সমর্থিত ঐকমত্যের সরকারকে প্রতিহত করার ঘোষণা দিয়েছিল।
এএফপি