প্রধান তিনটি শহরে পিছিয়ে এএনসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার স্থানীয় নির্বাচনে প্রধান তিনটি শহরে বিরোধীদলীয় ডেমোক্রেটিক জোট এগিয়ে রয়েছে। দুই দশক আগে বর্ণবাদী শাসনের অবসানের পর থেকে ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) জন্য এটি বড় নির্বাচনী আঘাত মনে করা হচ্ছে। যদিও সামগ্রিক নির্বাচনে এগিয়ে এএনসি।

প্রিটোরিয়া, জোহানেসবার্গ এবং পোর্ট এলিজাবেথসহ বিভিন্ন বড় পৌরসভায় বিরোধী ডেমোক্রেটিক জোটের চেয়ে পিছিয়ে আছে এএনসি। বর্ণবাদী শাসনের অবসানের পর থেকে ওই পৌরসভাগুলোতে কার্যত একচেটিয়া ক্ষমতা ধরে রেখেছিল এএনসি। এসব এলাকায় তাদের জনসমর্থন হারানোর বিষয়টি ২০১৯ সালের জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন ঘটাতে পারে। পাশাপাশি এএনসির ভেতরে প্রেসিডেন্ট জ্যাকব জুমার বিরোধীদের তাঁকে মোকাবিলা করার জন্য সাহসী করে তুলতে পারে।

স্থানীয় সময় গতকাল দুপুর পর্যন্ত পৌরসভা নির্বাচনের অর্ধেক ভোট গণনা করা হয়। তাতে এএনসি পেয়েছে ৫২ শতাংশ ভোট, ডেমোক্রেটিক অ্যালায়েন্স পেয়েছে ৩১ শতাংশ এবং বামপন্থী ইকোনমিক ফ্রিডম ফাইটার্স পেয়েছে ৯ শতাংশ ভোট। আজ শুক্রবারের মধ্যে নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে বলে ধারণা করা হচ্ছে।