প্রাচীন মানুষের নতুন ইতিহাস?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফ্রিকার মরক্কোতে পাওয়া যাওয়া ফসিলকে হোমো স্যাপিয়েন্সের সবচেয়ে পুরোনো নমুনা হিসেবে নিশ্চিত করেছেন বিজ্ঞানীরা। বলা হচ্ছে, এ আবিষ্কারের ফলে আধুনিক মানুষের পূর্বপুরুষের ইতিহাস নতুন করে লিখতে হবে।

নতুন আবিষ্কারের ফল বলছে, আধুনিক মানুষের প্রজাতি আফ্রিকা মহাদেশজুড়ে বিভিন্ন জায়গায় বিকশিত হয়েছিল। জার্মানির ম্যাক্স প্ল্যাংক ইনস্টিটিউট ফর এভল্যুশনারি অ্যানথ্রোপলজির বিজ্ঞানী ফিলিপ গাঞ্জ বলেন, ‘আমরা আগের ধারণামতো পূর্ব আফ্রিকার একক কোনো “মানবজাতির সূতিকাগার” থেকে আসিনি।  বিকশিত হয়েছিলাম আফ্রিকাজুড়ে।’

এ পর্যন্ত আমাদের প্রজাতি হোমো স্যাপিয়েন্সের সবচেয়ে পুরোনো ফসিল ছিল মাত্র ১ লাখ ৯৫ হাজার বছর আগের। কিন্তু মরক্কোতে পাওয়া গেছে প্রায় তিন লাখ বছর আগের নমুনা। এর মধ্যে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে, গোড়ার দিকের হোমো স্যাপিয়েন্সদের মুখাবয়ব অনেকটাই ছিল আমাদের এখনকার মতো। তবে মস্তিষ্কের গড়নে ছিল মৌলিক পার্থক্য।

এখন পৃথিবীতে জীবিত প্রাণীদের মধ্যে প্রাচীন হোমো স্যাপিয়েন্সদের সবচেয়ে ঘনিষ্ঠ স্বজন হচ্ছে শিম্পাঞ্জি ও বোনোবো। নৃতত্ত্ববিদদের মতে, ৬০ লাখ বছরের বেশি সময় আগে আধুনিক মানুষ ও এদের এক অভিন্ন পূর্বপুরুষ ছিল। ওই অভিন্ন পূর্বপুরুষ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর আমাদের প্রাচীন পূর্বপুরুষেরা বিভিন্ন প্রজাতিতে বিকশিত হন। তাদের বলা হতো হোমিনিন। লাখ লাখ বছর ধরে হোমিনিনরা অনেকটাই বানরের মতো থেকে যায়। তারা ছিল খাটো, মস্তিষ্কের আকার ছিল ছোট এবং সাধারণ পাথরের অস্ত্র-সরঞ্জামই কেবল তৈরি করতে পারত তারা।