রেফ্রিজারেটর, তাপানুকূল যন্ত্র ও অ্যারোসল স্প্রেতে ব্যবহৃত হাইড্রোফ্লোরোকার্বন (এইচএফসি) গ্যাসের নিঃসরণ কমাতে বিশ্বের প্রায় ২০০ দেশ এক ‘ঐতিহাসিক’ চুক্তি করেছে। রুয়ান্ডার রাজধানী কিগালিতে গতকাল শনিবার স্বাক্ষরিত এ চুক্তিতে বিশ্বের দুই বড় অর্থনীতির দেশে যুক্তরাষ্ট্র এবং চীনও স্বাক্ষর করেছে।
বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী গ্রিনহাউস গ্যাসগুলোর মধ্যে এইচএফসি একটি। এই গ্যাস বৈশ্বিক উষ্ণায়নের জন্য প্রধান ক্ষতিকর গ্যাস কার্বন ডাই-অক্সাইডের চেয়ে ১০ হাজার গুণ বেশি ক্ষতিকর।
চুক্তি স্বাক্ষরের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, এ চুক্তি জলবায়ু পরিবর্তনের ক্ষতি কমাতে এক স্মরণীয় ভূমিকা রাখবে।
ইনস্টিটিউট ফর গভর্নমেন্ট অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্টের (আইজিএসডি) দারউদ জায়েলকে চুক্তি সম্পর্কে বলেন, এটি নিঃসন্দেহে একটি ঐতিহাসিক দিন।
কিগালি চুক্তিতে তিনটি পৃথক স্তরে তিন ধরনের রাষ্ট্রের জন্য এইচএফসি নিঃসরণের ভিন্ন সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে।
চুক্তির অধীন ইউরোপের উন্নত দেশ ও যুক্তরাষ্ট্র ২০১৯ সাল থেকে এইচএফসি গ্যাসের নিঃসরণ ১০ শতাংশ কমাবে। আর ২০৩৬ সালের মধ্যে কমানোর পরিমাণ ৮৫ শতাংশে গিয়ে দাঁড়াবে।
দ্বিতীয় স্তরে চীন এবং আফ্রিকার কয়েকটি উন্নয়নশীল দেশ ২০২৪ সাল থেকে এসব গ্যাস নিঃসরণ বন্ধ করবে। ২০২৯ সালের মধ্যে দেশগুলো ১০ শতাংশ গ্যাস নিঃসরণ কমাবে। আর ২০৪৫ সালের মধ্যে ৮০ শতাংশ কমাবে।
তৃতীয় স্তরে থাকা কয়েকটি উন্নয়নশীল দেশ এসব গ্যাসের ব্যবহার ২০২৮ সালের মধ্যে কমাতে শুরু করবে। ভারত, ইরান, ইরাক, পাকিস্তান এবং উপসাগরীয় দেশগুলো ২০২৮ সালের মধ্যে কমানোর প্রক্রিয়া শুরু করবে। ২০৪৭ সালের মধ্যে এসব দেশ নিঃসরণের মাত্রা ৮৫ শতাংশ কমিয়ে আনবে।
এসব দেশ অবশ্য এইচএফসির ব্যবহার কমাতে আরও সময় দাবি করেছে। কেননা, এসব দেশে মধ্যবিত্ত শ্রেণি দ্রুত বাড়ছে। এই গ্যাসের ব্যবহার দ্রুত কমানোর ফলে দ্রুত বাড়তে থাকা শিল্পপ্রতিষ্ঠান ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা করছে ভারত।
চুক্তি স্বাক্ষরের পর জাতিসংঘের পরিবেশবিষয়ক প্রধান এরিক সমলহেইম বলেন, ‘গত বছর ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে আমরা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে বিশ্বকে নিরাপদ রাখার প্রতিশ্রুতি দিয়েছিলাম। এ চুক্তির ফলে আমরা সেই প্রিতশ্রুতিতে এগিয়ে গেলাম।’ তবে প্যারিস চুক্তির চেয়ে কিগালিতে গতকাল স্বাক্ষরিত চুক্তির ভিন্নতা আছে। আর তা হলো, প্যারিস চুক্তিতে কোনো আইনি বাধ্যবাধকতা ছিল না, কিগালিতে তা আছে।