লুটপাট–হত্যা
বর্ণবৈষম্য শেষ, তবু দাঙ্গা দেখল দক্ষিণ আফ্রিকা
১৯৯৪ সালে নির্বাচনের মাধ্যমে নেলসন ম্যান্ডেলার দল ক্ষমতায় আসে, বর্ণবৈষম্য শেষ হয়। এরপরে গত ২৭ বছরে এত বড় সংঘাত কখনো হয়নি।
দক্ষিণ এশিয়া থেকে প্রায় আট হাজার কিলোমিটার পশ্চিমে দক্ষিণ আফ্রিকার ডারবান শহর থেকে ফোনে কথা বলতে বলতে মাঝেমাঝেই চুপ থাকছিলেন ভারতীয় বংশোদ্ভূত ভ্যানেসা নরোতম। তাঁর গলা ধরে আসছিল। ঠিক কাঁদছিলেন না, কিন্তু প্রতিটি শব্দের ফাঁকেই ভরা ছিল দীর্ঘশ্বাস। তিনি বলছিলেন, এ রকম হবে তাঁরা একেবারেই ভাবেননি। তিল তিল করে তাঁদের পূর্বসূরিদের ১০০ বছরের বেশি সময় ধরে গড়ে তোলা দোকান, ব্যবসা—সব শেষ হয়ে গেল প্রায় ১০০ ঘণ্টায়।
জুলাইয়ের প্রথম সপ্তাহে দুর্নীতির মামলায় দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার গ্রেপ্তার ঘিরে দেশটিতে যাঁরা সংঘাতের শিকার হয়েছেন, তাঁদের একজন ভ্যানেসা। ৪৬ বছর বয়সী ভ্যানেসা বলছিলেন, ‘আমি এখন টেলিভিশনে দেখছি, আমাদের সবচেয়ে বড় দোকানটি পুড়িয়ে ফেলা হচ্ছে।’ পরে আবার ফোন করতে বলে তিনি লাইন কেটে দিলেন।
জুলাইয়ের তৃতীয় সপ্তাহে ভ্যানেসার সঙ্গে কথা হচ্ছিল। সেই সময় দক্ষিণ আফ্রিকার পূর্ব প্রান্তের দুটি প্রদেশ কোয়াজুলু-নাটাল ও গাউটেংয়ে চলছিল ব্যাপক লুটপাট। মারাও যান অনেকে। সরকারি হিসাবে সব মিলিয়ে নিহতের সংখ্যা অন্তত ৩৩৭ জন। ৬ কোটি মানুষের দেশে এমন মৃত্যুর সংখ্যাটি বড়। দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা সংঘাতে নিহতের মধ্যে কতজন দক্ষিণ এশিয়ার, তা নির্দিষ্ট করে সরকার জানায়নি।
সংঘাত চলাকালীনই কোয়াজুলু-নাটালের প্রাদেশিক সরকার একটা খসড়া হিসাব দিয়েছিল। এতে দেখা যায়, ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ বিলিয়ন র্যান্ড বা ৬ হাজার কোটি টাকার ওপরে। ধ্বংস করা হয়েছে, প্রায় সাড়ে তিন লাখ টন আখ, যা বিদেশি মুদ্রা আয়ের বড় অবলম্বন। প্রায় ২০০ বিপণিবিতান তছনছ করা হয়েছে। দেশের বৃহৎ খুচরা বিপণিবিতান ‘ম্যাক্র’র কতগুলো শাখা বা গাড়ি-বাড়ি পোড়ানো হয়েছে, সরকার এখনো তার হিসাব করছে। শেষ পর্যন্ত সেনাবাহিনী নামিয়ে অবস্থা সামাল দেয় আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) সরকার।
কিন্তু উত্তেজনা এখনো রয়েছে বলে জানালেন রানা আহমেদ। তাঁর জন্ম বাংলাদেশের রাজশাহীতে। কর্মসূত্রে ডারবানে রয়েছেন তিনি। দাঙ্গার দ্বিতীয় দিনে ডারবানের সিটি সেন্টারে কেনাকাটা করতে গিয়ে তিনি আটকে পড়েছিলেন। তিনি বলেন, ‘আমার সামনে বেশ কয়েক হাজার বর্গফুটের একটি জামাকাপড়ের দোকান লুট হলো। কীভাবে বাড়ি ফিরব বুঝতে পারছিলাম না। অফিস থেকে নিরাপত্তাকর্মী পাঠিয়ে আমাকে উদ্ধার করা হয়।’
ওই সিটি সেন্টারেই ছিল খুচরা ব্যবসায়ী ভারতীয় বংশোদ্ভূত উমেশ মোরারের তামাক–সিগারেটের দুটি দোকান। দুটি দোকানেই লুটপাট করা হয়েছে, কিছুই অবশিষ্ট নেই। তৃতীয় দোকানটি ছিল ডারবানের উত্তর প্রান্তে, সেটিও শেষ। ৫৬ বছর বয়সী মোরার বলেন, ‘ভারতের গুজরাটের নভশারি শহরে আমার চাচির বাসা। সেই বাসা খালি পড়ে আছে। এক ভাই বলল দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে নতুন করে জীবন শুরু করতে।’
উত্তর ডারবান শহরের সামান্য বাইরে জুয়েল আশিকের মুদিখানার দোকানও পুড়িয়ে দেওয়া হয়েছে। তিনি বছর পনেরো আগে বাংলাদেশ থেকে গিয়ে এক আত্মীয়ের দোকানে কাজ শুরু করেন। বর্তমানে তিনিই দোকানটি দেখভাল করেন। তিনি জানালেন, বাংলাদেশের মানুষের অনেকেই মূলত কৃষ্ণাঙ্গ এলাকায় মুদির দোকান চালান, পাকিস্তানিরাও আছেন। বললেন, ‘সবারই দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, বৈদ্যুতিক সরঞ্জাম, খাবারদাবার বা জামাকাপড়ের দোকান বেশি লুটপাট করা হয়েছে। অনেক দোকান পুড়িয়েও দেওয়া হয়েছে।’
বিভিন্ন দেশ থেকে আসা অন্যান্য ভাষাভাষী মানুষের সুবিধা–অসুবিধা দেখভাল করতে সরকার চুক্তিভিত্তিক কমিউনিটি ওয়ার্কার নিয়োগ দেয়। এমন একজন বাংলাদেশি কমিউনিটি ওয়ার্কারের সঙ্গে কথা হয়। তিনি জানান, ক্ষতিপূরণের ব্যাপারে এখনো কোনো প্রতিশ্রুতি সরকার নির্দিষ্টভাবে দেয়নি। সম্প্রদায়ের কতজন মারা গেছেন, সে সম্পর্কেও কিছু জানানো হয়নি। তিনি বলেন, ‘এই ক্ষতিপূরণ পাওয়াটা জরুরি; কারণ, বাংলাদেশ থেকে যাঁরা এসেছেন, তাঁদের বড় অংশ গত কয়েক দশক আগে এসেছেন। ভারতীয় বা পাকিস্তানিদের মতো এক বা দেড় শতক আগে আসেননি। ফলে তাঁদের আর্থিক অবস্থা খুব ভালো নয়, এদের অধিকাংশই ছোট মুদিদোকান চালান। এঁদের ক্রেতারা মূলত কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের, টুকিটাকি জিনিস কেনেন। ছোট দোকান বলে এঁদের ওপরে মাঝেমধ্যেই হামলা হয়, এঁরা ঝামেলার মধ্যে থাকেন। এখন দোকান পুড়িয়ে দেওয়ার ফলে অনেকেই কার্যত পথে বসেছেন।’
মোটামুটি উনিশ শতকের মাঝামাঝি, দাস-ব্যবস্থা শেষ হওয়ার পরে, দক্ষিণ এশীয়রা—বিশেষত ভারতীয়রা ব্রিটিশ উপনিবেশগুলোতে শর্তাবদ্ধ শ্রমিক হিসেবে যেতে শুরু করে। গুজরাটের সুরাট জেলার এক ক্ষুদ্র ব্যবসায়ী নরোতম জীনা যেমন কোয়াজুলু–নাটাল প্রদেশে এসেছিলেন ১৮৯৪ সালে। ভ্যানেসার স্বামীর প্রপিতামহের পিতামহ নরোতম জীনা। ওই বছরই দক্ষিণ আফ্রিকায় বর্ণবৈষম্যের বিরুদ্ধে লড়তে নাটাল ইন্ডিয়ান কংগ্রেস গঠন করেন মোহনদাস করমচাঁদ গান্ধী।
অবশ্য সাম্প্রতিক কালে সংঘাত ঘিরে দক্ষিণ এশীয়দের দোকানে আগুন লাগানোর সম্পর্ক নেই। কৃষ্ণাঙ্গ আফ্রিকানদের সঙ্গে তাদের কোনো শত্রুতাও ছিল না। বর্ণবৈষম্য শেষ হওয়ার আগে নেলসন ম্যান্ডেলার নেতৃত্বে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন কালো ও বাদামি চামড়ার মানুষেরা। দক্ষিণ আফ্রিকায় ভারতীয় বংশোদ্ভূতদের সংখ্যাও আড়াই শতাংশের ওপরে যায়নি, ৮০ শতাংশ হলেন কৃষ্ণাঙ্গ। ফলে বিরোধের বিশেষ আশঙ্কা ছিল না। তবু হামলা হলো, এটাই অবাক করেছে দক্ষিণ আফ্রিকার ভারতীয়দের।
এই হামলার কারণ কী
১৯৯৪ সালে নির্বাচনের মাধ্যমে নেলসন ম্যান্ডেলার নেতৃত্বাধীন এএনসি ক্ষমতায় আসে, বর্ণবৈষম্য শেষ হয়। এরপরে গত ২৭ বছরে এত বড় গন্ডগোল কখনো হয়নি। ভারতীয়রা মনে করেন না, তাঁরা বর্ণবৈষম্যের শিকার। ব্যবসায়ী উমেশ মোরারের মন্তব্য, ‘এটা প্রায় পুরোপুরি রাজনৈতিক হিংসা।’
আপাতদৃষ্টে কারণটা পরিষ্কার। বিভিন্ন দুর্নীতির মামলায় বিচারব্যবস্থার সঙ্গে সহযোগিতা না করার অপরাধে গত ২৯ জুন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে ১৫ মাসের কারাদণ্ড দেন আদালত। জুমা প্রথমে আত্মসমর্পণ করেননি, বরং দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় জাতিগোষ্ঠী জুলুদের শীর্ষ নেতা হিসেবে তিনি তাঁর গোষ্ঠীকে উসকানি দেন। অবশেষে ৭ জুলাই তিনি আত্মসমর্পণ করেন, আর অস্ত্র হাতে রাস্তায় নামে তাঁর সমর্থকেরা।
অবশ্য এমন সংঘাতের পেছনের কারণটি ভিন্নভাবে ব্যাখ্যা করলেন কোয়াজুলু-নাটাল বিশ্ববিদ্যালয়ে ক্রিটিক্যাল ফুড স্টাডিজ কেন্দ্রের অধ্যাপক শীতল ভুলা। তিনি বলেন, ‘প্রথমেই বলতে হয় খাদ্যসংকটের কথা। লুটপাট শুরু হওয়ার পরে গরিব মানুষেরা বেরিয়ে এসে প্রথমেই কী সংগ্রহ করেন? খাদ্য ও পানীয়। কোভিড–১৯–এর কারণে অনেকেই কাজ হারিয়েছিলেন, অর্ধভুক্ত বা অভুক্ত অবস্থায় ছিলেন। এর ওপরে চার সপ্তাহ আগে আবার পুরোপুরি লকডাউন শুরু হওয়ায় তাঁরা সম্পূর্ণ অসহায় হয়ে পড়েন। এই অবস্থায় তাঁদের নেতা গ্রেপ্তার হওয়ায় অসহায়তা ক্রোধে পরিণত হয়।’
এএনসি আজ বিভক্ত। একদিকে জুমা, অন্যদিকে প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। সাবেক প্রেসিডেন্ট জুমার দুর্নীতির শেষ দেখতে চান রামাফোসা। দ্য ইকোনমিস্ট জানিয়েছে, দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণার কারণেই রামাফোসাকে সরাতে এত বড় মাপের দাঙ্গা করানো হয়েছে। যদিও তাঁরা দুজনে এখনো এএনসিতেই আছেন।
অবশ্য আরেকটি দিক রয়েছে। দক্ষিণ আফ্রিকায় যে অসংখ্য গোষ্ঠীভিত্তিক উপদলের জন্ম হয়েছে, সেগুলোর মধ্যে বেশ জনপ্রিয় হলেন এএনসি থেকে বহিষ্কৃত ৪০ বছর বয়সী জুলিয়াস মালেমা। দেশের আইনসভায় মালেমার দল ইকোনমিক ফ্রিডম পার্টির দুই ডজনের বেশি প্রতিনিধি রয়েছেন। তিনি জুমা আর রামাফোসা—দুজনেরই বিরোধী, তবে সব থেকে বড় বিরোধী ভারতীয়দের।
মালেমার বক্তব্য, দেশের সর্বনাশ করেছে ভারতীয়রা। কিছুদিন আগে তাঁর একটি বিবৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। মালেমা বলেছিলেন, ‘এখানে ভারতীয়দের একটা চক্র কাজ করছে। আমরা যেখানেই যাব, সেখানেই দেখব এই চক্র সবকিছু নিয়ন্ত্রণ করছে। দোকানপাট, ব্যবসা ইত্যাদি তো বটেই, দেশের বিভিন্ন মন্ত্রণালয়, বিদ্যুৎ সরবরাহ, মাইনিং—সবকিছুই এদের নিয়ন্ত্রণাধীন। এদের সরাতে না পারলে কালো মানুষের মুক্তি নেই।’ এই বক্তব্যকে অনেকে বর্ণবাদী বলে আখ্যায়িত করলেও ভারতীয়দের একাংশ মনে করেন, মালেমা বিশেষ ভুল বলছেন না।
ভারতীয়দের দুর্নীতি
রিয়া আলগু নামের এক ব্যবসায়ী বললেন, ভারতীয়দের কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় উত্তর প্রদেশের গুপ্তা ভাইদের কথা। দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ শাসনের অবসানের পর ১৯৯৪ সালে যখন নতুন দেশ গঠনের কাজ শুরু হয়, তখন নাটালে এসে ঘাঁটি গাড়েন গুপ্তারা। গুপ্তাদের কর্মকাণ্ড নিয়মিত পর্যবেক্ষণে রয়েছে এই ব্যবসায়ীর। তিনি বলেন, ‘আমাদের মতো যারা ১০০-১৫০ বছর আগে দক্ষিণ আফ্রিকায় এসে চরম দারিদ্র্যের মধ্যে থেকে কিছু টাকাপয়সা করেছে, গুপ্তারা তাদের মধ্যে পড়েন না। দক্ষিণ আফ্রিকায় প্রায় সব ব্যবসার মধ্যেই ঢুকে রয়েছেন এঁরা। খনি থেকে সম্পদ তোলা, কম্পিউটার সফটওয়্যার, ভারী শিল্প, ইন্টারনেট, প্রচারমাধ্যম—যে ব্যবসার নামই করবেন, দেখবেন তার মধ্যে রয়েছেন গুপ্তারা। এর বাইরেও রয়েছেন আরও কয়েকজন ব্যবসায়ী।’
২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ছিলেন জুমা। রিয়ার বক্তব্য, তাঁকে সম্পূর্ণ পকেটে পুরে ফেলেছিলেন গুপ্তারা। জুমার আটজন স্বীকৃত স্ত্রীর একজনকে এবং বড় ছেলেকে চাকরিও দিয়েছিলেন গুপ্তারা। মন্ত্রী ও আমলাদের রোজগেরে মন্ত্রক পাইয়ে দেওয়া, বদলি থেকে সরকারি চাকরি পাওয়ানো, সরকারি জমি বেসরকারি হাতে তুলে দেওয়া, সরকারি অবকাঠামো ব্যবহার করে ব্যবসা করাসহ এমন কোনো দুর্নীতি নেই, যার সঙ্গে গুপ্তাদের সম্পর্ক নেই।
রিয়া আলগুর পর্যবেক্ষণ, কয়েক বছর আগে গুপ্তারা বুঝতে পারেন, জুমার ক্ষমতা কমছে এবং তাঁরা দুবাইয়ে পালান। এখন সংযুক্ত আরব আমিরাতে সরকারের সঙ্গে চুক্তি করে গুপ্তাদের এখানে ফেরানোর চেষ্টা করছে সরকার। এঁদের জন্যই ভারতীয়দের বদনাম।
একটি জাতীয় প্রচারমাধ্যমের বার্তা সম্পাদক সালমা প্যাটেল বললেন, দক্ষিণ আফ্রিকার ১৫ লাখ ভারতীয়ের মধ্যে মাত্র ১ শতাংশ অতি ধনী। অধিকাংশই গরিব, কিন্তু এই বড়লোকদের জন্যই মারটা খেতে হলো নিম্ন ও মধ্যবিত্তদের।
স্থাপত্য, দারিদ্র্য ও হিংসা
দাঙ্গায় ভারতীয়দের মার খাওয়ার আরও একটা ব্যাখ্যা দিলেন দক্ষিণ আফ্রিকার শীর্ষস্থানীয় সমাজবিজ্ঞানী অধ্যাপক রামা নাইডু। তিনি বলেন, বর্ণবৈষম্যের দিনে এখানকার শহর বা আধা-শহরের স্থাপত্য এমন ছিল, যাতে কৃষ্ণাঙ্গ ও গরিব মানুষের পাশে শ্বেতাঙ্গদের থাকতে না হয়। বাদামি চামড়ার ভারতীয়দের কলোনিগুলো তৈরি করা হয়েছিল কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গদের মাঝখানে। এটার পরিবর্তন করে সব বর্ণের মানুষের মেলামেশার পরিবেশ এএনসি ২৭ বছরে সৃষ্টি করতে পারেনি। অভুক্ত মানুষেরা যখন তাঁদের অঞ্চল থেকে বেরিয়ে এলেন, তখন প্রথমেই পেলেন ভারতীয়দের। রাগটা গিয়ে পড়ল তাঁদের ওপরে।
অধ্যাপক দশরথ চেট্টির কথায়, ‘এটা বেছে বেছে ভারতীয়দের ওপরে আক্রমণ নয়, এটা ব্যবসায়ী সম্প্রদায়ের ওপরে আক্রমণ। কালো মানুষের ওপরেও ভালো রকম হামলা হয়েছে, হামলা হয়েছে শ্বেতাঙ্গদের ওপরেও।’ অধ্যাপক চেট্টি মনে করেন, এমন হামলার পেছনে সবচেয়ে বড় কারণটি হলো ‘জিনি সহগ’।
জিনি সহগের মাধ্যমে একটি দেশে সম্পদের অসাম্য ও ধনী-দরিদ্রের ফারাকটা বোঝা যায়। এই সংখ্যার বিচারে বিশ্বব্যাংক ২০১৯ সালে জানিয়েছে, বিশ্বের সবচেয়ে অসম দেশ দক্ষিণ আফ্রিকা। আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম বলছে, আফ্রিকা মহাদেশের ৫০ শতাংশ (৬৫ কোটি) বাসিন্দার মোট সম্পদের পরিমাণ ২০১৯ সালে ছিল প্রায় ২৩ বিলিয়ন ডলার। এই অঙ্কটা আফ্রিকার তিনজন সর্বোচ্চ ধনীর সম্পদের থেকে ছয় বিলিয়ন ডলার কম। এই তিন ব্যক্তির মধ্যে দুজন দক্ষিণ আফ্রিকার শিল্পপতি। এই অসাম্য কমানো না গেলে দেশ বড় বিপদের সম্মুখীন হবে বলে মনে করছেন দক্ষিণ আফ্রিকার সমাজবিদেরা।
আফ্রিকা মহাদেশে বারবারই বড় ধরনের গণহত্যা সংঘটিত হয়েছে। এর কেন্দ্রে রয়েছে ইউরোপীয় ঔপনিবেশিক ব্যবস্থা-নিয়ন্ত্রিত অর্থনৈতিক বৈষম্য, সম্পদের অসম বণ্টন ও সংখ্যালঘু বনাম সংখ্যাগুরু জাতিগোষ্ঠীগুলোর তীব্র সংঘাত। অধ্যাপক নাইডু এবং অধ্যাপক চেট্টি দুজনেই বললেন, বড় সংঘাত এড়াতে দক্ষিণ আফ্রিকার সাবধান হওয়ার সময় এসেছে।
অধ্যাপক নাইডু আরও কয়েকটি লাইন যোগ করলেন। ‘গত কয়েক বছরে আমরা দেখছিলাম, কৃষ্ণাঙ্গদের মধ্যে অত্যন্ত সম্মানিত নেতা-নেত্রী, যাঁরা দীর্ঘ সময় ধরে একটা বিশাল গণ–আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তাঁরা পেছনের সারিতে চলে গেছেন। এই দাঙ্গা আবার তাঁদের রাস্তায় বার করে এনেছে। আমরা দেখছি, তাঁদের নেতৃত্বে আবার অর্ধশতক আগের মতোই কৃষ্ণাঙ্গ, শ্বেতাঙ্গ বা বাদামি চামড়ার মানুষেরা হাত ধরাধরি করে রাস্তায় নামছেন, মানুষকে ভাবতে বলছেন, শান্ত হতে বলছেন।’ তিনি মনে করেন, জুলাই মাসের দাঙ্গার মধ্য দিয়েই তাই হয়তো আরও একবার নতুন এক দক্ষিণ আফ্রিকার জন্ম হচ্ছে।