বাগান করে মশা নিয়ন্ত্রণ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফ্রিকার লাখ লাখ হেক্টর এলাকাজুড়ে আছে প্রোসোপিস জুলিফ্লোরা নামের এই গুল্ম
আফ্রিকার লাখ লাখ হেক্টর এলাকাজুড়ে আছে প্রোসোপিস জুলিফ্লোরা নামের এই গুল্ম

ম্যালেরিয়া মোকাবিলায় একদল গবেষক নতুন কৌশল বের করেছেন। তাঁরা বাগানের ফুল অপসারণের মাধ্যমে মশার খাবার সরবরাহ বন্ধ করে দেন। এতে প্রাণীটির জীবাণু বিস্তারের সামর্থ্য উল্লেখযোগ্য হারে কমেছে।

পশ্চিম আফ্রিকার দেশ মালির বানদিয়াগারা জেলার ৯টি গ্রামে স্থানীয় ও বিদেশি একদল গবেষক পরীক্ষামূলকভাবে এই কৌশল প্রয়োগ করে দেখেছেন, সাধারণ একটি ঝোপ থেকে ফুলগুলো সরিয়ে নিলে বহু স্ত্রী মশা প্রাণ হারায়। এই পূর্ণবয়স্ক মশাগুলোই ম্যালেরিয়ার জীবাণু ছড়ায়। বাগানে ফুল না থাকলে মধুর অভাবে মশার পাল অনাহারে ধুঁকে ধুঁকে মরে।

পূর্ণবয়স্ক স্ত্রী মশাকে মেরে ফেললে ম্যালেরিয়া বিস্তারের চক্র থেমে যায়। অ্যানোফিলিস জাতীয় স্ত্রী মশারা নিজেদের লালাগ্রন্থিতে ম্যালেরিয়া পরজীবী বহন করে এবং মানুষকে কামড়ানোর সময় জীবাণুটা ছড়িয়ে দেয়। আক্রান্ত ব্যক্তিকে কামড়ে অন্য স্ত্রী মশারাও আক্রান্ত হয়। তবে নতুন আক্রান্ত মশারা মানুষকে সংক্রামিত করার উপযোগী হতে ১০ দিন সময় নেয়। সময়টা তাদের জন্য অনেক দীর্ঘ, বুড়িয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এ সময়ের মধ্যে তারা খাদ্যসংকটে মারা গেলে জীবাণু ছড়ানোর হার কমে যায়।

বানদিয়াগারায় স্থানীয় বিশেষজ্ঞদের পাশাপাশি ইসরায়েলের হিব্রু ইউনিভার্সিটি অব হাদাসাহ মেডিকেল স্কুল এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মায়ামির বিশেষজ্ঞ দলের সদস্যরা উদ্যানপালন-সংক্রান্ত পরীক্ষা চালিয়ে দেখার চেষ্টা করেন, বাগানের ফুল সরিয়ে নিলে স্থানীয় মশাগুলো মরে কি না। এ বিষয়ে একটি গবেষণা প্রতিবেদনম্যালেরিয়ারিসার্চ সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের ম্যালেরিয়া নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ অধ্যাপক জো লাইনস বলেন, নতুন কৌশলটি সাংঘাতিক সম্ভাবনাময়। ম্যালেরিয়া মোকাবিলার অন্যান্য কৌশলের চেয়ে এটি বেশি কার্যকর। কোনো ধরনের কীটনাশক বা ওষুধ প্রয়োগ না করে এভাবে মশা দমনের উদ্যোগ প্রশংসনীয়। তবে গ্রীষ্মমণ্ডলীয় অনেক অঞ্চলে যেখানে মধুসমৃদ্ধ উদ্ভিদের অভাব রয়েছে, সেখানে এই কৌশল অকার্যকর হতে পারে।