বিদ্যালয়ে আত্মঘাতী বোমা হামলা, ৪৭ শিক্ষার্থী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ার একটি বিদ্যালয়ের অ্যাসেম্বলিতে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৪৭ শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৭৯ জন। নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর পোটিসকামে ছেলেদের একটি বিদ্যালয়ে গতকাল সোমবার স্থানীয় সময় সাতটা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।
পুলিশের মুখপাত্র ইমানুয়েল ওজুকু আহত ও নিহতের খবর নিশ্চিত করেছেন। আর প্রত্যক্ষদর্শীরা জানান, আত্মঘাতী হামলাকারী বিদ্যালয়ের ছাত্রদের নির্ধারিত পোশাক (ইউনিফর্ম) পরে এ হামলা চালায়।
বিদ্যালয়ের এক শিক্ষক বার্তা সংস্থা এএফপিকে বলেন, শিক্ষার্থীরা সকালে অ্যাসেম্বলির জন্য জড়ো হয়েছিল। সাতটা ৫০ মিনিটে শিক্ষার্থীদের ঠিক মাঝখানে প্রচণ্ড শব্দে বোমা বিস্ফোরিত হয়। পরে সেখানে এলোমেলোভাবে রক্ত ও জুতা পড়ে থাকতে দেখা যায়। হতাহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়।
একজন প্রত্যক্ষদর্শী বলেন, হামলার স্থানে অনেক শিক্ষার্থীর স্বজনদের বিলাপ করতে দেখা গেছে।
এখনো কেউ হামলার দায় স্বীকার না করলেও দেশটির জঙ্গি সংগঠন বোকো হারামকেই সন্দেহ করছে পুলিশ। এর আগেও বোকো হারাম বিদ্যালয় লক্ষ্য করে এমন পাশবিক হামলা চালিয়েছে। এ ছাড়া কয়েক মাস আগে দুই শতাধিক স্কুলছাত্রীকে অপহরণ করে বোকো হারাম। সেই ছাত্রীরা এখনো মুক্তি পায়নি।
বিবিসি তাদের বিশ্লেষণে জানিয়েছে, সকালে অ্যাসেম্বলিতে হামলা চালানো হয়েছে, যার অর্থ হলো এই হামলার লক্ষ্য ছিল যতটা সম্ভব শিক্ষার্থী হত্যা। বিশ্লেষণে আরও বলা হয়, নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে নিরাপত্তাব্যবস্থা খুবই নাজুক। শহর ও গ্রামগুলো জঙ্গিদের নিয়ন্ত্রণে বলা চলে।