বিরোধী দল ছাড়াই সুদানে প্রেসিডেন্ট নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুদানে গতকাল সোমবার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে হয়েছে। তবে মূলধারার বিরোধী দল বিতর্কিত ওই নির্বাচন বর্জন করেছে।
সুদানে ২৬ বছর ধরে ক্ষমতায় আছেন প্রেসিডেন্ট ওমর আল-বশির। এই নির্বাচনের মাধ্যমে তিনি আবারও ক্ষমতার মেয়াদ বাড়িয়ে নিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধাপরাধের অভিযোগে বশিরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।
নির্বাচনে ৭১ বছর বয়সী বশিরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বল্প পরিচিত ১৫ জন প্রার্থী। ফলে বশিরকে কার্যত কোনো প্রতিযোগিতারই মুখোমুখি হতে হচ্ছে না। এ কারণে আন্তর্জাতিক সম্প্রদায় এই নির্বাচনের সমালোচনা করে আসছে। ইউরোপীয় ইউনিয়ন এরই মধ্যে জানিয়েছে, এই নির্বাচন কোনো বিশ্বাসযোগ্য ফল বয়ে আনবে না। সবার অংশগ্রহণমূলক বিশ্বাসযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা হয়নি বলে আগেই সতর্ক করে দেয় নরওয়ে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
গত ভোট গ্রহণের সময় বিভিন্ন কেন্দ্রে খুব অল্পসংখ্যক ভোটারের উপস্থিতি ছিল। স্থানীয় অনেক বাসিন্দাই নির্বাচন নিয়ে তেমন আগ্রহ প্রকাশ করেননি। খার্তুম অঞ্চলের বাসিন্দা ৪৩ বছর বয়সী এক মুদি দোকানি বলেন, সবাই ফল জানে।
ভোট দেওয়ার জন্য বশির স্থানীয় সময় বেলা ১১টার দিকে সেন্ট ফ্রান্সিস স্কুলে পৌঁছান। হাসিমুখে এবং হাত নেড়ে দুই স্ত্রীর মধ্যে একজনকে নিয়ে তিনি ভোটকেন্দ্রে ঢোকেন।
১৯৮৯ সালে ইসলামপন্থীদের সমর্থিত এক অভ্যুত্থানের মাধ্যমে বশির গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে অপসারণ করেন। এরপর এটা দ্বিতীয় নির্বাচন। এর আগে ২০১০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন বশির। বিরোধী দল ওই নির্বাচনও বয়কট করে।