বুরকিনা ফাসোর অন্তর্বর্তী প্রেসিডেন্ট মিশেল কাফান্দো
পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে গতকাল সোমবার সাবেক পররাষ্ট্রমন্ত্রী মিশেল কাফান্দোর নাম ঘোষণা করা হয়েছে। খবর এএফপির।
রাজনৈতিক সংকট উত্তরণের প্রচেষ্টায় বুরকিনা ফাসোতে এক বছরের জন্য অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে এক দিন আগেই একটি চুক্তিতে উপনীত হয়েছিলেন রাজনৈতিক নেতা, সেনা কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এরই ধারাবাহিকতায় এ সরকারের প্রেসিডেন্ট হিসেবে কাফান্দোকে (৭২) মনোনীত করলেন তাঁরা। আগামী বছরের নভেম্বরে দেশটিতে নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।
এর আগে ব্যাপক গণবিক্ষোভের মুখে গত ৩১ অক্টোবর পদত্যাগ করে দেশ ছেড়ে পালান ২৭ বছর ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ব্লেইস কমপাওরে। এরপর রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করে সেনাবাহিনী। পরে লেফটেন্যান্ট কর্নেল আইজ্যাক জিদা নিজেকে রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা করে বেসামরিক কর্তৃপক্ষের হাতে ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার করেন।
ব্লেইস কমপাওরে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতার মেয়াদ আরেক দফা বাড়াতে পার্লামেন্টে ভোটাভুটির আয়োজন করেছিলেন। কিন্তু ভোট শুরুর আগেই তাঁর পদত্যাগের দাবিতে রাজপথে নামে বিক্ষোভকারীরা। একপর্যায়ে পার্লামেন্ট ভবনে আগুন দেয় তারা। বাধ্য হয়ে ভোট বাতিল করে পদত্যাগ করেন কমপাওরে।