বুরকিনা ফাসোতে নতুন শাসন কর্তৃপক্ষ

আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট ব্লেইজ কমপাওরের এক সময়ের শক্তিধর সহায়তাকারী দেশটির নতুন শাসন কর্তৃপক্ষের প্রধান নিযুক্ত হয়েছেন। এর আগে আজ বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট গার্ড সেনা অভ্যুত্থানের ঘোষণা দেয়।
বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, কমপাওরের সাবেক সেনা প্রধান জেনারেল গিলবার্ট দিয়ানদেরে ন্যাশনাল কাউন্সিল ফর ডেমোক্রেসির নেতৃত্ব দেবেন বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। এর আগে বুরকিনা ফাসোর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মাইকেল কাফান্দো ও প্রধানমন্ত্রী ইউকোবা আইজ্যাক জিদাসহ মন্ত্রিসভার কয়েকজন সদস্যকে বন্দী করেছেন সেনাসদস্যরা। গতকাল বুধবার প্রেসিডেন্ট ভবনে মন্ত্রিসভার বৈঠক চলাকালে এ ঘটনা ঘটে।
দেশটিতে সন্ধ্যা সাতটা থেকে ভোর ছয়টা পর্যন্ত কারফিউ ঘোষণা করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থল ও আকাশ পথ বন্ধ থাকবে।
আগামী ১১ অক্টোবর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণের কথা। তার আগেই এ ঘটনাটি ঘটল। দেশটির সামরিক সূত্র জানিয়েছে, ক্ষমতাচ্যুত নেতা ব্লেইজ কমপাওরের প্রতি অনুগত নিরাপত্তাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন। ব্লেইজ গত বছরের ৩১ অক্টোবর ক্ষমতাচ্যুত হন।