বুরুন্ডিতে প্রেসিডেন্ট নির্বাচনে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুরুন্ডিতে গতকাল মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় দুজন নিহত হয়েছেন। নিহত দুজনের মধ্যে একজন পুলিশ, অপরজন সাধারণ নাগরিক। খবর আল-জাজিরার।
এই নির্বাচনে দেশটির প্রেসিডেন্ট পিয়েরে নকুরুনজিজা জয়ী হবেন বলে মনে করা হচ্ছে। তবে তাঁর তৃতীয় মেয়াদে নির্বাচনে দাঁড়ানোকে অসাংবিধানিক আখ্যায়িত করে বিরোধী দল এবং দেশের সুশীল সমাজ এই নির্বাচন বর্জন করেছে। তারা বলছে, এই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না। তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে বুরুন্ডির সাংবিধানিক আদালত প্রেসিডেন্ট নকুরুনজিজার পক্ষে রায় দিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানী বুজুমবুরায় বিস্ফোরণ ও গুলিতে দুজনের মৃত্যু হয়। এদিকে নির্বাচন চলাকালে সহিংসতা প্রতিরোধে এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সম্ভাব্য সবকিছু করার জন্য বুরুন্ডির সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।
গত এপ্রিল থেকে বুরুন্ডিতে প্রেসিডেন্ট-বিরোধী আন্দোলনে অন্তত ১০০ জন নিহত হয়েছেন। দেশটির সরকারবিরোধী গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে।