বোকো হারাম নেতার মৃত্যু নিয়ে ধোঁয়াশা
জঙ্গি সংগঠন বোকো হারামের নেতা আবুবকর শেকোর মৃত্যু হয়েছে বলে নাইজেরিয়ার সেনাবাহিনী গত বুধবার দাবি করেছে। তবে সংগঠনটি বলছে, সেনারা আবুবকরের মতো চেহারার অন্য একজনকে হত্যা করেছে। খবর এএফপির।
আবুবকরের মৃত্যু হয়েছে বলে নিরাপত্তা বাহিনীর একাধিক সূত্র গত বছরের জুন এবং ২০০৯ সালের জুলাই মাসে দাবি করেছিল। তবে তাঁর মৃত্যুর কথা সেনাবাহিনী এবারই প্রথম প্রকাশ্যে ঘোষণা করল। তবে আবুবকর কীভাবে বা কখন মারা গেছেন, তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি।
নাইজেরিয়ার প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র ক্রিস অলুকোলাদ বলেন, বোর্নো রাজ্যের কোন্দুগা শহরে সেনাবাহিনীর সঙ্গে লড়াইয়ে মোহাম্মদ বশির নামের এক জঙ্গি মারা গেছেন। ঘন ও বড় দাড়িওয়ালা ওই ব্যক্তি বেশ কয়েকটি ছদ্মনামে পরিচিত ছিলেন। তিনিই বোকো হারামের নেতা আবুবকর সেজে ভিডিওচিত্রে হাজির হতেন। এ থেকে ধারণা করা হচ্ছে, আবুবকর আগেই নিহত হয়েছেন।
বোকো হারামের জঙ্গিদের কাছ থেকে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের দখল ফিরে পেতে সাম্প্রতিক লড়াইয়ে চাপের মুখে রয়েছে সেনাবাহিনী। নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জোনাথন বুধবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে বোকো হারামের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন।