বোকো হারামকে ঠেকাতে আন্তর্জাতিক সাহায্য কামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ায় কট্টরপন্থী গোষ্ঠী বোকো হারামকে মোকাবিলার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা কামনা করেছে দেশটির সেনাবাহিনী। গত শনিবার রাতে প্রতিরক্ষাবিষয়ক এক মুখপাত্র এ সহায়তা কামনা করেন। খবর এএফপির।
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাইদুগুরিতে গত শনিবার দুপুরে আত্মঘাতী বোমা হামলায় ২০ জন নিহত হয় বলে খবর পাওয়া গেছে। তবে নিরপেক্ষ সূত্র থেকে নিহতের সংখ্যার বিষয়টি চূড়ান্তভাবে নিশ্চিত করা যায়নি।
প্রতিরক্ষাবিষয়ক মুখপাত্র ক্রিস ওলুকোলাদে এক বিবৃতিতে বলেন, শনিবারের হামলাটি এ পর্যন্ত বোকো হারামের চালানো হামলাগুলোর মধ্যে ‘ভয়াবহতম’। তিনি বলেন, মাইদুগুরি শহরে হামলা এবং নতুন বছরে বোকো হারামের কর্মকাণ্ডে বিশ্বের সবাই ভালোভাবে বুঝে ফেলেছে, এরা খারাপ। তাই বোকো হারামকে নির্মূল করার অভিযানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা করা উচিত।
বোকো হারাম নাইজেরিয়ায় একটি ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য লড়াই করছে। তারা পাশ্চাত্যের শিক্ষা-সংস্কৃতিসহ অনেক কিছুকে হারাম বা নিষিদ্ধ মনে করে।
পশ্চিম আফ্রিকার দেশগুলোর মধ্যে নাইজেরিয়ার সামরিক বাহিনীই সবচেয়ে বড়। কিন্তু ছয় বছর ধরে বোকো হারামের হামলা বন্ধ করতে না পারায় কঠোর সমালোচনায় পড়েছে তারা। সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, পর্যাপ্ত অস্ত্র না পাওয়ায় বোকো হারামের বিরুদ্ধে সফলতা পাওয়া যাচ্ছে না। বোকো হারাম অনেক বেশি আধুনিক অস্ত্রশস্ত্র ব্যবহার করছে।
নাইজেরিয়ায় আগামী মাসেই সাধারণ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। এ নির্বাচন সামনে রেখে বোকো হারামের সঙ্গে লড়াইকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। যে এলাকাগুলোতে বোকো হারামের হামলা-সহিংসতা চলছে, সেগুলোতে বর্তমান বিরোধী দলের অবস্থানই বেশি দৃঢ় বলে জানা গেছে।
তবে মুখপাত্র ক্রিস ওলুকোলাদে বলেন, বোকো হারামকে নির্ভয়ে সহিংসতা চালানোর জন্য নাইজেরিয়ার কোনো এলাকা ছেড়ে দেওয়া হয়নি। বিবৃতিতে তিনি দাবি করেন, ‘চলমান পরিস্থিতি মোকাবিলার জন্য সঠিক পরিকল্পনার মাধ্যমে সংগঠিত হওয়ার কাজ চলছে।’