বোকো হারামের হাতে অপহরণের ৫০০ দিন
নাইজেরিয়ার জঙ্গি ইসলামি সংগঠন বোকো হারামের হাতে দুই শরও বেশি স্কুলপড়ুয়া মেয়ে অপহৃত হওয়ার ৫০০ দিন পূর্ণ হয়েছে গতকাল বৃহস্পতিবার। বোকা হারামকে নির্মূল করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা নতুন প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারি মেয়েদের ফিরিয়ে আনবেন—এখন সেই আশায় বুক বেঁধে আছেন মেয়েগুলোর আত্মীয়স্বজন। খবর এএফপির।
নাইজেরিয়ার বরনো রাজ্যের চিবুক শহরের সরকারি মাধ্যমিক স্কুল থেকে গত বছরের ১৪ এপ্রিল ২৭৬ জন মেয়েকে অপহরণ করে বোকো হারাম সদস্যরা। মেয়েগুলো তখন স্কুলের সমাপনী পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। অপহৃত মেয়েদের মধ্যে ৫৭ জন বন্দী অবস্থা থেকে পালিয়ে আসে গত বছরের মে মাসে। তবে বাকি মেয়েদের ভাগ্যে কী ঘটেছে, তা জানা যায়নি। পালানোর ঘটনার পর বোকো হারাম ১০০ মেয়ের একটি ভিডিও প্রকাশ করে। ভিডিওতে মেয়েদের ইসলামি পোশাক পরা অবস্থায় দেখা যায়। ভিডিও প্রকাশের পর বোকো হারামের নেতা আবুবকর শেখ জানান, মেয়েগুলোকে ইসলাম ধর্মে দীক্ষিত করা হয়েছে এবং তাদের বিয়েও দিয়ে দেওয়া হয়েছে।
গণ অপহরণের ঘটনায় কেবল নাইজেরিয়ায় নয়, বিশ্বজুড়ে শুরু হয় প্রতিবাদ। মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা থেকে অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলিও শামিল হন সেই প্রতিবাদে। ওই ঘটনায় নাইজেরীয় সরকারের নিস্পৃহতায় নিন্দা করে পশ্চিমা দেশগুলো। যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ অপহৃত মেয়েদের উদ্ধারে সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এরপরও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।
নাইজেরিয়ার সেনাবাহিনী বলেছে, মেয়েদের কোথায় রাখা হয়েছে সেটা তাদের জানা। তবে উদ্ধার তৎপরতায় মেয়েদের জীবনহানি ঘটার আশঙ্কায় তারা অভিযান থেকে বিরত আছে।