বোকো হারামের ছেড়ে যাওয়া শহরে ৭০ লাশ
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর দামাসাকের কাছে একটি সেতুর নিচে ৭০টি মৃতদেহ পাওয়া গেছে। সরকারি বাহিনী শহরটি জঙ্গি সংগঠন বোকো হারামের কাছ থেকে পুনরুদ্ধার করার এক সপ্তাহ পর ওই মৃতদেহ পাওয়া গেল।
প্রতিবেশী নাইজার এবং চাদের সেনারা বোকো হারামের কয়েক মাসের দখলের অবসান ঘটিয়ে দামাসাক শহর মুক্ত করেছে। এ দুই দেশসহ আশপাশের কয়েকটি দেশে বোকো হারাম তৎপরতা বিস্তার করেছে।
নাইজারের সীমান্তবর্তী নাইজেরিয়ার বোর্নো রাজ্যের প্রধান শহর মাইদুগুরি থেকে ২০০ কিলোমিটার দূরে অবস্থিত দামাসাক বাণিজ্যিক শহর হিসেবে পরিচিত। সেখানে উদ্ধার করা মৃতদেহগুলোর বেশির ভাগেরই গলা কাটা ছিল। চাদের সেনাবাহিনীর কর্নেল আজেম বারমানদোয়া এএফপিকে বলেছেন, শহরের বাইরের একটি এলাকায় একটি সেতুর নিচে মৃতদেহগুলো ছড়িয়ে-ছিটিয়ে ছিল। মরুভূমির তপ্ত ও শুকনো বাতাসে সেগুলো আংশিকভাবে মমিতে পরিণত হয়েছে।
এর আগে গত শুক্রবার নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জোনাথান ভবিষ্যদ্বাণী করেন, এক মাসের মধ্যেই বোকো হারাম তাদের দখল করা সব অঞ্চল হারাবে। জোনাথান বিবিসিকে বলেন, দিনের পর দিন তারা ক্রমাগত দুর্বল হয়ে পড়ছে। তবে বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে জোনাথন স্বীকার করেন, বোকো হারামের শক্তি বৃদ্ধিতে সরকার বিস্মিত হয়েছে।
নাইজেরিয়ায় একটি ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ২০০৯ সাল থেকে উত্তর-পূর্বাঞ্চলে সশস্ত্র বিদ্রোহ শুরু করে বোকো হারাম। এক বছর আগে থেকে তারা বিভিন্ন এলাকা দখল করা শুরু করে। কিছুদিন ধরে প্রতিবেশী চাদ, নাইজার এবং ক্যামেরনের সেনাবাহিনী নাইজেরিয়ার সেনাবাহিনীর সঙ্গে মিলে বোকো হারামের বিরুদ্ধে লড়াই করছে।
নাইজেরিয়ায় ২৮ মার্চ প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে। নিরাপত্তার কারণে গত ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্ধারিত ওই নির্বাচন স্থগিত করা হয়। বোকো হারামের বিদ্রোহ দমনে ব্যর্থতার জন্য প্রেসিডেন্ট জোনাথনের সরকারকে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে। নির্বাচনের আগে আগে প্রতিবেশীদের সহায়তায় জঙ্গিদের বিরুদ্ধে এ সাফল্য পেল দেশটির সেনাবাহিনী।