বোকো হারামের বন্দিদশা থেকে মুক্তি আমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ায় জঙ্গি সংগঠন বোকো হারামের বন্দিদশা থেকে প্রায় দুই বছর পর মুক্তি মিলেছে অপহরণের শিকার এক স্কুলছাত্রীর। আজ বৃহস্পতিবার ক্যামেরনের সীমান্তবর্তী সামবাসিয়া বন থেকে দেশটির এক পর্যবেক্ষক সংস্থার কর্মকর্তারা আমিনা আলী এনকক নামের ওই ছাত্রীকে উদ্ধার করেন।

বিবিসির খবরে বলা হয়েছে, ২০১৪ সালের এপ্রিলে নাইজেরিয়ার উত্তর-পূর্ব এলাকা থেকে আমিনাসহ ২১৮ জন স্কুলছাত্রীকে অপহরণ করেছিল বোকো হারাম। আমিনার খোঁজ মিললেও এখনো পর্যন্ত কোনো হদিস নেই বাকি ছাত্রীদের। তবে উদ্ধার হওয়ার পর আমিনা জানিয়েছেন, ইতিমধ্যে ছয় ছাত্রী মারা গেছে। বাকিরা এখনো সামবাসিয়া বনে আছে বলে ধারণা করা হচ্ছে।
আমিনার বাড়ি নাইজেরিয়ার চিবক শহরে। চিবক কমিউনিটির চেয়ারম্যান হোসিয়া আবানা সেমবিদো বলেন, আজ বৃহস্পতিবার পর্যবেক্ষণকারী সংস্থার কয়েকজন সামবাসিয়া বনে জ্বালানি কাঠ কুড়াতে যান। সেখানে আমিনার দেখা পান তাঁরা।
বর্তমানে আমিনা চিবকে তাঁর পরিবারের সঙ্গে আছেন। ইয়াকুবু এসকেকি নামের তাঁর এক মামা জানান, অপহরণের সময় আমিনার বয়স ছিল ১৭। এখন তাঁর বয়স ১৯।