বোকো হারামের হামলায় নারী ও শিশুসহ নিহত ১৫০
উত্তর-পূর্ব নাইজেরিয়ার সহিংসতাপীড়িত বোর্নো রাজ্যে সশস্ত্র ব্যক্তিদের হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৫০ জন নিহত হয়েছে। এটি জঙ্গিগোষ্ঠী বোকো হারামের কাজ বলে সন্দেহ করা হচ্ছে। গত বুধবার সন্ধ্যায় রাজ্যের কুকাওয়া গ্রামে ওই হামলা চালানো হয়। খবর বিবিসির।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বন্দুকধারী সন্দেহভাজন জঙ্গিরা কুকাওয়া গ্রামে হামলা চালিয়ে নারী ও শিশুসহ ৯৭ জনকে হত্যা করে। এর আগের দিন তারা মঙ্গুনো শহরের কাছে দুটি গ্রামের অন্তত ৪৮ জন পুরুষকে গুলি করে হত্যা করে। গত মাসে শহরটিতে বোমা বিস্ফোরণে নিহত হয় ২৩ জন। দুর্গম ও যোগাযোগবিচ্ছিন্ন এলাকা হওয়ায় এসব হত্যাকাণ্ডের তথ্য দু-এক দিন পরে গণমাধ্যমে পৌঁছায়।
বাবামি কোলো নামের একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, বুধবার সন্ধ্যায় কুকাওয়া গ্রামের মসজিদে অন্তত ৫০ জন জঙ্গি হানা দেয়। এ সময় মুসল্লিরা মাগরিবের নামাজ আদায় করছিলেন। কিছু বুঝে ওঠার আগেই এলোপাতাড়ি গুলি চালিয়ে তাঁদের হত্যা করা হয়।